বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, রাজধানী বামাকো প্রায় অচল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৭ ০৯:৩৩:৫১
ছবি: সংগৃহীত।

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির রাজধানী বামাকোতেও যানবাহন চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে ঘোষণা দেন,২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে মালিতে। সশস্ত্র গোষ্ঠীগুলো রাজধানী বামাকোর আশপাশে ট্যাংকার চলাচলের প্রধান সড়কগুলো অবরোধ করে রাখায় পেট্রোল ও ডিজেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে রাজধানীজুড়ে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন, গণপরিবহন সংকট ও যান চলাচল বিপর্যয় দেখা দিয়েছে।
একসময় ব্যস্ত ও জনাকীর্ণ বামাকো এখন প্রায় নিস্তব্ধ শহর। বহু অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত সময় কাজ করছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত সমস্যার কারণে ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
এদিকে জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তার অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও পরিবারের সদস্যদের মালি ত্যাগের নির্দেশ দিয়েছে। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ক্রমবর্ধমান জ্বালানি সংকট এবং নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর বাইরে নিয়মিত কনস্যুলার সেবা প্রদান সম্ভব নয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে জ্বালানি পরিবহন রুটগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে সরকারকে চাপ দিচ্ছে। এতে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, সাধারণ জীবনযাত্রাও মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
মালির সরকার পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সরবরাহ পুনরায় চালুর বিষয়ে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।

কীওয়ার্ডস: মালি জ্বালানি সংকট, বামাকো স্কুল বন্ধ, পশ্চিম আফ্রিকা সংকট


এ জাতীয় আরো খবর