শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই বিমানবালাকে মারধরের অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ। রিয়াদ থেকে কলম্বোগামী ওই ফ্লাইটটি শনিবার (২৬ অক্টোবর) সকাল ৬টা ৩২ মিনিটে বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম *ডেইলি মিরর* জানায়, অবতরণের আগে যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হলে ২৮ বছর বয়সী ওই সৌদি নাগরিক টয়লেটে যাওয়ার জন্য জোরাজুরি করেন। বিমানবালারা তাকে থামানোর চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে দুইজনের ওপর শারীরিকভাবে হামলা চালান।
ঘটনার পর পাইলটকে অবহিত করা হলে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দর পুলিশ ওই যাত্রীকে আটক করে। পরবর্তীতে তাকে কাটুনায়েকে বিমানবন্দর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কাটুনায়েকে বিমানবন্দর পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দেশটির আকাশসীমার ভেতর ঘটায় সৌদি নাগরিকটিকে সোমবার (২৭ অক্টোবর) কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত দুই বিমানবালা চিকিৎসা নিয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তদন্তের ফলাফল অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কীওয়ার্ডস: শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সৌদি নাগরিক গ্রেপ্তার, বিমানবালা মারধর