বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান,গ্রেপ্তার ২২ হাজারের বেশি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৬ ১৯:২৪:৫৮
ছবি: সংগৃহীত।

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানে গত সপ্তাহেই গ্রেপ্তার করা হয়েছে ২২ হাজার ৬১৩ জন বিদেশিকে। বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
রবিবার (২৬ অক্টোবর) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত এই অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় সৌদি নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালায়। এতে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, ৪ হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন ভঙ্গের কারণে গ্রেপ্তার হন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৪ হাজার ৩৯ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৯৩৯ জনকে দেশে ফেরানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। প্রায় ২৩ হাজার প্রবাসীকে ভ্রমণ নথি যাচাই ও প্রস্তুতির জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকাতেও চলছে কঠোর নজরদারি। অভিযানে ১ হাজার ৬৯৯ জনকে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। এর মধ্যে ৫৪ শতাংশ ইথিওপীয় এবং ৪৫ শতাংশ ইয়েমেনি নাগরিক। একই সময়ে ৩৫ জন দেশ ত্যাগের চেষ্টা করার সময় এবং ২৩ জন অবৈধ প্রবাসীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন।
বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৬০ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা নিয়োগে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা) জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হবে।
সাধারণ জনগণকে অবৈধ প্রবাসীদের বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

কীওয়ার্ডস: সৌদি অভিযান, অবৈধ প্রবাসী গ্রেপ্তার, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর