মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিনজনের মৃত্যু, নিহত দুইজন শিশু শিক্ষার্থী

  • পাবনা প্রতিনিধি
  • ২০২৫-১০-২৬ ০৯:৪৫:০৯
ছবি: সংগৃহীত।

পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী ছিল বলে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এ অংশে প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে, অথচ প্রয়োজনীয় গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

কীওয়ার্ডস:
পাবনা সড়ক দুর্ঘটনা, ট্রাক-ভ্যান সংঘর্ষ, শিশু শিক্ষার্থী নিহত


এ জাতীয় আরো খবর