বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ভারতে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে হয়রানি,অভিযুক্ত গ্রেপ্তার

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২৫ ২৩:০৫:১৮
ছবি: সংগৃহীত।

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে থাকা অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটার ইন্দোরে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ক্যাফেতে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীর হাতে হয়রানির শিকার হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায়, ইন্দোরের খাজারানা রোড এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছিলেন ওই দুই ক্রিকেটার। কফিশপে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী তাদের পিছু নেয় এবং একপর্যায়ে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই দুই খেলোয়াড় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তা চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স।
পরে এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে।
সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা জানান, প্রত্যক্ষদর্শীর সহায়তায় মোটরসাইকেলের নম্বর ট্র্যাক করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় মামলা দায়ের করে পুলিশ। তিনি আরও বলেন, “অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”
অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। ইন্দোর প্রশাসনও আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে খেলোয়াড়দের নিরাপত্তা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আজ (২৫ অক্টোবর) সাউথ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তবে এই ঘটনাটি ম্যাচের আগে পুরো দলের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া সংবাদমাধ্যমগুলো।

কীওয়ার্ডস:
অস্ট্রেলিয়া নারী দল, ইন্দোর হয়রানি, আকিল খান গ্রেপ্তার


এ জাতীয় আরো খবর