জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে তার পথরেখা জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানিয়েছেন, দলটি ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে।
শনিবার (২৫ অক্টোবর) কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “আমরা ১৭ অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেইনি, কারণ শুধুমাত্র স্বাক্ষর নয়-বাস্তবায়নই আসল বিষয়। যদি বাস্তবায়ন ছাড়া সনদটি সীমাবদ্ধ থাকে, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশের খসড়া, পরিধি ও বিষয়বস্তু জাতির কাছে উন্মুক্ত করতে হবে। এই সনদ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন, যা ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে কার্যকর করবেন এবং পরবর্তী সংসদে তা সংবিধানের সংস্কার অংশে রূপ নেবে।”
এনসিপি নেতা জানান, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ প্রস্তুত করছে, যা ইতিবাচক অগ্রগতি। তবে আদেশের বিস্তারিত এখনো দলটির কাছে উপস্থাপন করা হয়নি, যা তাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
তিনি সতর্ক করে বলেন, “আমরা চাই না, এই সনদও যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে বাস্তবায়নবিহীন ঘোষণায় পরিণত হয়। কমিশন যেন খসড়া প্রক্রিয়া আমাদের সঙ্গে শেয়ার করে এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিশ্চিত করে, এটাই আমাদের প্রত্যাশা।”
কীওয়ার্ডস: জুলাই সনদ, এনসিপি, ঐকমত্য কমিশন