রবিবার, মে ৩১, ২০২৬

থাইল্যান্ডের ‘সবুজ রানী’ সিরিকিত আর নেই

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৫ ০৯:৩৩:৫৩
ফাইল ছবি

থাইল্যান্ডের প্রাক্তন রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী এবং বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা রানী মা সিরিকিত আর নেই। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
থাইল্যান্ডের রয়েল হাউসহোল্ড ব্যুরোর এক বিবৃতিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর থেকে রক্তে সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন রানী সিরিকিত। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩২ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া সিরিকিত কিতিয়াকারা ১৯৫০ সালে রাজা ভূমিবল আদুলিয়াদেজকে বিয়ে করেন। জীবদ্দশায় তিনি গ্রামীণ নারীর উন্নয়ন, ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৬ সালে তার প্রতিষ্ঠিত SUPPORT ফাউন্ডেশন থাইল্যান্ডে নারী উদ্যোক্তা গঠনে অনন্য ভূমিকা পালন করেছে। পরিবেশবান্ধব উদ্যোগের জন্য তিনি ‘সবুজ রানী’ নামে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে থাইল্যান্ডজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং রাজপ্রাসাদে এক সপ্তাহব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কীওয়ার্ডস:রানী সিরিকিত, থাইল্যান্ড রাজপরিবার, সবুজ রানী


এ জাতীয় আরো খবর