চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে যেতে থাকা চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে মো.নাঈম(১৭) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর সদর ইউনিয়নের খোসালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে ও গোমস্তাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্র পুলিশ জানায়, শুক্রবার(২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুই চাচাতো ভাই রাজ(১৪) ও অনিককে (৫) নিয়ে বাড়ির অদূরে গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের মহানন্দা নদীর চর উদয়নগর ঘাটে গোসলে যায় নাঈম ও রাজ। তবে ঘাটের উপরেই থাকে অনিক। গোসলের এক পর্যায়ে রাজ ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যায় নাঈম। পরে রাজ ও অনিক স্থানীয়দের এবং বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা নদীতে নাঈমকে খুঁজতে শুরু করে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। তবে ফায়ার সার্ভিস কাজ শুরু করার আগেই বিকাল পৌনে ৩টার দিকে নদী থেকে নাঈমের মরদেহ উদ্ধার হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আ্ইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।