বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত সংগঠনটির সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যারা কোনোভাবে কষ্ট পেয়েছেন, আমরা তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা চাই। ব্যক্তি হোক বা গোটা জাতি—যাদের মনে কষ্ট দিয়েছি, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।”
তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে অতীতেও একাধিকবার এমন ক্ষমা প্রার্থনা করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী ও এটিএম আজহারও একইভাবে অনুশোচনা প্রকাশ করেছিলেন।
শফিকুর রহমান বলেন, “আমরা শতভাগ সঠিক নই। ভুল স্বীকার করতে দ্বিধা নেই। একটি ভুল সিদ্ধান্তেও যদি জাতির ক্ষতি হয়, তাহলে ক্ষমা চাওয়া আমাদের কর্তব্য।”
এ সময় তিনি আরও জানান, নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে জামায়াত। একইসঙ্গে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে।” ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি মত দেন—“সমতার ভিত্তিতেই সম্পর্ক বজায় রাখতে চায় জামায়াত।”
কীওয়ার্ডস: জামায়াতে ইসলামী, শফিকুর রহমান, নিঃশর্ত ক্ষমা