শনিবার, মার্চ ৭, ২০২৬

বরিশালে যৌথ আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালন করেছে নিসচা জেলা কমিটি

  • বরিশাল প্রতিনিধি:
  • ২০২৫-১০-২৩ ০৯:৫৯:০৩

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই স্লোগান বাস্তবায়নে বরিশালে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির যৌথ আয়োজনে র‍্যালী, সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 
আজ ২২ অক্টোবর ১ম ধাপে সকাল ১০টায় নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে ব্যানার,ফেসটুন,প্লে-কার্ড, ব্যান্ড দল, চালক, মালিক, শ্রমিকসহ প্রায় শতাধিক মানুষকে নিয়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে র‍্যালী শুরু করে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যরা। র‍্যালীটি সদর রোড, গীর্জা মহল্লা, আগরপুর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
২য় ধাপে বেলা ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে পূনরায় আর একটি র‍্যালী শুরু হয়। র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। র‍্যালিটি সিটি মার্কেট, কর ভবন,বরিশাল ক্লাব রোড,জিলা স্কুল মোড় হয়ে সার্কিট হাউসে এসে শেষ হয়।
সার্কিট হাউসে চালক, মালিক, শ্রমিক, যাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন,পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মো: নাজমুল ইসলাম,নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী,বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর মো: এখলাছুর রহমান,টিআই মো: বদরুল আলম, হাইওয়ে পুলিশের ওসি মো: আমিনুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসি ডিপো ম্যানেজার মো: জুলফিকার আলী ও ট্রাফিক ইন্সপেক্টর মো: মশিউর রহমান, বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ শামসুল হক, জেলা অফিসের মোটরযান পরিদর্শক মো: মাহফুজুর রহমান, অফিস সহকারী মো: জহিরুল ইসলাম, মো: ফাইজুর রহমান, মো: রিয়াজুল ইসলাম, মো: রেদওয়ান আহমেদ, চরকাউয়া বাস মালিক সমিতি সভাপতি, নথুল্লাবাদ ও রুপাতলী শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক মালিক সমিতি, রোবার স্কাউট ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 
সার্কিট হাউসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দূর্ঘটনা ঘটার আগেই চালক, মালিক, যাত্রী ও যারা সড়ক তৈরী করে তারাসহ এই ৩টি পক্ষকে নিজ নিজ দ্বায়িত্ব যথাযথ পালন করতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। একটা ঘটনা ঘটার পর আর কিন্তু কিছু করার থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক পরিমাণ প্রচার-প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা মূলক ভিডিও এবং ডকুমেন্টারি দেখাতে হবে। তারা যদি ছোট বেলা থেকেই সড়ক সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তাহলে সড়কে মৃত্যুর মিছিল অনেকটাই কমে যাবে। এছাড়াও চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা নামক ব্যাধী থেকে দেশ ও জাতী রক্ষা করতে।

 


এ জাতীয় আরো খবর