বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স ঙ্গী তা ক র

  • কৃষ্ণার চোখে কালী
  • ২০২৫-১০-২০ ০৯:৩০:৩৮

সমগ্র মহাভারত বুকে নিয়ে বলছি 
আমার মধ্যে অন্তর্নিহিত শক্তিই কালী 
পৃথিবীর আকাশে, বাতাসে, মাটিতে যেখানে যত সাহসিনী নারী আছে 
তাদের সবার মধ্যেই বিরাজ করেন কালী,
আমার জন্মের পর বুকে আঁকা হয়েছিল সাহস 
আমার কালো রঙে মেশানো ছিল ব্যক্তিত্ব 
আমার স্বক্ষমতায় আমি মহিয়ান 
না, কোনো অহেতুক অহংকারের আস্ফালন নয় 
আমার বজ্রকঠিন রাজনৈতিক মত 
আমার সক্রিয়তা 
আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা 
আমার লড়াই করার মানসিকতা 
আমাকে বীরাঙ্গনা করেছে, 
আমার বুকে ফল্গু সম নদী প্রবাহিত 
কাঠিন্যের আড়াল ভেদ করতে পারলেই আমি স্নেহের বারিধারা
আমি ভালোবাসায় দুর্বলা
এক বিন্দু ভালোবাসা পেলে উজার করে দিতে পারি নিজেকে 
আমি মাতৃত্বে সরলা
আমাকে মা বলে ডাকলেই বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়াতে পারি
আমি কর্মে বিশ্বাসী 
আমি আপ্রাণ পালন করি নিজ কর্ম
আমি শক্তির আধার 
আমি আমার মধ্যে ধারণ করেছি আমাকে রক্ষা করার কৌশল 
যেদিন ভরা রাজসভায় দুঃশাসনের অপমান ছুঁয়ে দিয়েছে আমার নারীত্ব 
সেদিন আমি তলোয়ার হয়েছি
আমার নির্বাক পঞ্চস্বামীকে বিদ্ধ করেছি কাপুরুষতার আঘাতে 
পিতামহ ভীষ্মকে ছুঁড়ে দিয়েছি সহস্র প্রশ্নবাণ
আনুগত্য প্রিয় কর্ণকেও দিইনি ছাড় 
আঘাতে আঘাতে জর্জরিত করেছি নিক্ষিপ্ত শব্দের দ্বারা 
আমার মর্মভেদী যন্ত্রণা শতগুণ বেগে নিক্ষেপ করেছি বিপক্ষে 
আমি জানি, আমি জানতাম আমার শরীরে লুকানো মহাশক্তি 
আমি দেখেছি তারা শত শত রূপ হয়ে দাঁড়িয়েছে পাশে 
আমি দেখেছি সখা কৃষ্ণের নির্দেশে তারাই বস্ত্র যুগিয়েছে কুরুবধূর বেশে
আমি দেখেছি যেখানেই পুরুষের পরাজয় সেখানেই নারী ওঠে জেগে...
নারী জাগলেই সব কালো আলো হয়ে ফোটে।

 


এ জাতীয় আরো খবর