বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ইলিয়াস কাঞ্চন

  • শাহজাহান আজাদ
  • ২০২৫-১০-১৯ ১১:০২:৫৬

'নিরাপদ সড়ক চাই' নিসচা'কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা 
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, 
সিনেবাংলার সুপারস্টার বীর বাঙালির অহঙ্কার
ভালবাসি তোমায় জানাই অভিনন্দন।

জীবন্ত কিংবদন্তী চিত্রনায়ক ব্যতিক্রমী সাহসী 
অসীম মেধাবী পরিশ্রমী ও দায়িত্ববান,
জনপ্রিয়তার শীর্ষে তুমি, সুস্থ সংস্কৃতির বিকাশে
রেখেছ নিরবচ্ছিন্ন অসামান্য অবদান।

চন্দনাইশ গাছবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা 
উনিশশো তিরানব্বইর বাইশে অক্টোবর, 
হারিয়েছিলে প্রিয় সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে
ইমা ও জয় দু'শিশু বঞ্চিত মায়ের আদর।

ধৈর্য্যশীল হাল ছাড়োনি মাতৃবঞ্চিত সন্তান কোলে 
অপার স্নেহে তাদের করেছ লালন পালন,
সড়ক নিরাপত্তায় জনসচেতনতা তৈরিতে প্রতিষ্ঠা 
করলে 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন।

শহর-গ্রাম চষে বেড়ালে সংগঠনের লক্ষ্য পূরণে 
দেশব্যাপী মিছিল মিটিং রেলী-সেমিনার,
বাইশে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস 
ঘোষণার তোমার দাবি মেনে নিল সরকার।
 
সেরা শিল্পীর 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' জিতেছো
সমাজসেবায় একুশে পদক- রাষ্ট্রীয় সম্মান,
দেশে ও বিদেশে স্বীকৃতি পেয়েছো নিরলস শ্রমের 
কোটি কোটি ভক্তের হৃদয়ে শক্ত অবস্থান। 

কিন্তু হায়! ভাগ্যের নির্মম পরিহাস প্রিয় সংগঠক
তুমি আজ বেশকিছুদিন ধরে অসুস্থ ভীষণ,
মস্তিষ্কে তোমার টিউমার ধরা পড়েছে তাই লন্ডনে 
হল হাই-রিস্ক জটিল রোবোটিক অপারেশন।

পুরো শঙ্কামুক্ত নন চিকিৎসকেরা এখনও দিচ্ছেন 
রেডিও থেরাপি -কেমো,টার্গেট থেরাপি তাই,
প্রিয় মানুষটির রোগমুক্তি চেয়ে আল্লাহর দরবারে 
দোয়ার দরখাস্ত দু'হাত তুলেছি আমরা সবাই।

সুস্থ হয়ে ফিরে আসো আমাদের মাঝে চলুক ফের 
প্রিয়'নিরাপদ সড়ক চাই' সংগঠনের কার্যক্রম, 
গাড়ির মালিক চালক যাত্রী পথচারী হোক সচেতন 
অমূল্য জীবনহানি কমে যাক থামুক মৃত্যুযম।।


এ জাতীয় আরো খবর