আমি...পরকীয়া বুঝি না...
টরকিয়া বুঝি না...
আমি বুঝি- সহজভাবে বেঁচে থাকা।
মন খুলে হাওয়া খাওয়া।
আর বারান্দায় বসে চুপচাপ...আকাশ দেখা।
জীবনটা যে কত জটিল করে ফেলেছি আমরা...
ভালোবাসা এখন হিসাবের খাতা,
হাসিটাও ভাগ করা-
দুপুরের ক্লান্তি,রাতের অনলাইন...
আর মাঝখানে কোথাও হারিয়ে যাওয়া মানুষ।
যাদের মন একঘেয়ে হয়ে গেছে,
যাদের দিন মানে শুধু ডেডলাইন আর বিলের খাতা,
তাদের আবার প্রেমে পড়া উচিত...
একটা উন্মাদ, পাগল করা, মাটির ঘ্রাণমেশানো প্রেমে।
না...কারও প্রতি অন্যায় নয়,
শুধু নিজের প্রতি ন্যায্যতা।
যেন মনে হয়-
আবার বেঁচে আছি!
হৃদয়টা আবার ধকধক করছে!
প্রত্যেকের দরকার একটা খোলা বারান্দা...
যেখানে বসে কান্না করা যায় নির্ভয়ে,
হাসা যায় জোরে...বিনা অনুমতিতে।
যেখানে দুটো ফুলের টব দুলবে হাওয়ায়,
যেখানে কাগজ ছিঁড়ে ছড়িয়ে দিতে পারব,
বলতে পারব-
“এই আমি... একেবারে সত্য আমি।”
সব ভালোবাসা প্রতিশ্রুতির নয়...
কিছু ভালোবাসা শুধু অনুভবের জন্য জন্মায়।
সব যত্ন অধিকার চায় না...
কিছু যত্ন কেবল পাশে থাকা মানেই হয়।
আমি শুধু বলি-
আমাকে একটু বাঁচতে দাও...
একটু হাওয়া খেতে দাও...
একটা খোলা বারান্দা দাও-
যেখানে ভালোবাসা মানে জট নয়,
বরং- মায়া... ঘ্রাণ... হাওয়া... আলো...
আর একটুখানি স্বাধীনতা।
“একটা খোলা বারান্দা চাই...
যেখানে আমি নিজেকে আবার চিনে নিতে পারি...।