ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে নতুন করে পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম কেনার পরিকল্পনা করছে। সোমবার প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রুশ সমকক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে এস-৪০০ সিস্টেম কেনা বা যৌথভাবে উৎপাদনের বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পে দেশটির বেসরকারি প্রতিরক্ষা শিল্পকেও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এস-৪০০ সিস্টেমের রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠন (MRO) সুবিধা দেশীয়ভাবে গড়ে তোলা যায়।
ভারত এর আগেই রাশিয়ার সঙ্গে ৫.৪৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ ইউনিট অর্ডার দেয়। এর মধ্যে তিনটি ইতোমধ্যেই সরবরাহ পেয়েছে, আর বাকি দুটি ২০২৬ সালের মধ্যে আসার কথা রয়েছে।
গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় এই এস-৪০০ সিস্টেম ভারতীয় আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাদের উদ্দেশে বলেন, “এস-৪০০ আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি ভারতের প্রতিরক্ষায় নজিরবিহীন শক্তি দিয়েছে।”
এদিকে ভারত রাশিয়া থেকে আরও একটি আধুনিক অস্ত্র আরভিভি-বিডি এয়ার-টু-এয়ার মিসাইল কেনার কথাও ভাবছে, যার পাল্লা প্রায় ২০০ কিলোমিটার। এটি ভারতীয় সু-৩০ এমকেআই যুদ্ধবিমানের সক্ষমতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভারতের প্রায় ৬০ শতাংশ সামরিক সরঞ্জাম রাশিয়া-নির্ভর। তবে মোদির “মেক ইন ইন্ডিয়া” নীতির আওতায় দেশটি প্রতিরক্ষা শিল্পে স্থানীয় উৎপাদন বাড়াতে সচেষ্ট। গত দুই দশকে একাধিক রুশ প্রতিরক্ষা কোম্পানি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে, যার লক্ষ্য হলো ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন।
সূত্র:আরটি
কীওয়ার্ডস:
ভারত রাশিয়া চুক্তি, এস-৪০০ মিসাইল, প্রতিরক্ষা সহযোগিতা, পুতিন সফর, মেক ইন ইন্ডিয়া