রবিবার, মে ৩১, ২০২৬

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০১ ১৮:৩৮:২৬
ফাইল ছবি

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য নতুন করে আন্তর্জাতিক সহায়তা প্রতিশ্রুত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সম্মিলিতভাবে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত *“মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি”* বিষয়ক প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, এর মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান কেবল মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের মধ্য দিয়েই সম্ভব। এজন্য রাখাইন রাজ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি কার্যকর রোডম্যাপ তৈরির ওপর তিনি জোর দেন।
অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন। তার বক্তব্যে উঠে আসে অর্থায়ন সংকটের বিষয়টি—“সহায়তা ক্রমশ কমে আসছে, এখনই প্রত্যাবাসন শুরু করার বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি।”
বিশ্লেষকরা বলছেন, নতুন এই সহায়তা রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সমাধান নির্ভর করছে নিরাপদ প্রত্যাবাসনের ওপর।

কীওয়ার্ডসঃরোহিঙ্গা সহায়তা,যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য,জাতিসংঘ সম্মেলন,ড. মুহাম্মদ ইউনূস,নিরাপদ প্রত্যাবাসন


এ জাতীয় আরো খবর