জলবায়ুর কারণে প্রকৃতির হয় বিশাল বিবর্তন,
হঠাৎ হঠাৎ লঘুচাপ,জলোচ্ছ্বাস, বন্যার আগমন।
দিনরাত হয়, চলে ঠিকই ঋতু বদলের পালা,
শীতে শীত নেই বর্ষা বৃষ্টিহীন কেমন আলা-ঝালা।
প্রতিষ্ঠানের ছড়াছড়ি --- নেই সুশিক্ষার বালাই,
আচরণে শালীনতাহীন বিজ্ঞজন নীরবে পালাই।
মিথ্যার জালে আষ্টেপৃষ্ঠে বাঁধা, নেই শুদ্ধাচার,
গুরুজনে নতি নেই, সমাজের কোথাও নেই বিচার।
কথায় কথায় রক্ত ঝরায়, করে কত জীবন নাশ,
এই সমাজে বধির সবাই বুক ভরা কেবল দীর্ঘশ্বাস।
বদলে গেছে দেশ-কাল, সরস মাটির রূপ,
আমরা তো বদলে গেছি নইলে কেন থাকি চুপ !
প্রতিবাদের নেই ক্ষমতা, ত্রাসে কাঁপে বুক,
মাটির পিদিম জ্বেলেও ঘরে ছিল মনে সুখ।
মানুষে মানুষে সৌহার্দ ছিল, ছিল মনুষ্যত্ব বোধ,
ঠুনকো বিবাদ হলেও কারো ছিল না বিরোধ।