অহংকার-
তুমি সাজাও এক রঙিন মুখোশে,
বলে বেড়াও—"আমি অন্যদের চেয়ে আলাদা!"
কিন্তু সত্যি কি আলাদা তুমি?
রূপের অহংকার-
যা সময়ের প্রথম কালি পড়লেই ফিকে হয়ে যায়।
সাদা চামড়ার গর্ব-
যা একদিন কবরের মাটিতে মিশে যায় অন্ধকারে।
অলংকারের অহংকার,
বাড়ি-গাড়ি-সম্পদের অহংকার-
সবই তো ক্ষণিকের ধুলো,
একদিন উত্তরাধিকারীরা ঝেড়ে মুছে নিয়ে যাবে।
তুমি ভাবো,
তোমার হাসি শহর কাঁপাতে পারে,
তোমার সাজে আকাশও থমকে দাঁড়ায়।
কিন্তু ভিতরে?
উপর উপর ভালো দেখায়,
ভিতরে মন মানসিকতা থাকে কয়লার মতন-
কালো, দগ্ধ, নিস্তেজ।
তুমি ভুল করেও দুঃখ প্রকাশ করো না,
কারণ অহংকার তোমাকে নত হতে দেয় না।
তুমি গরিবকে অবজ্ঞা করো,
কারণ তোমার অহংকার তোমাকে অন্ধ করে রেখেছে।
কিন্তু শোনো-
অহংকারই পতনের মূল।
এমন পতন, যেখান থেকে আর ফিরে আসা যায় না।
তুমি যতই উঁচুতে উঠো না কেন,
সময়ের হাত তোমাকে টেনে নামাবে নিচে।
মুখোশ ভেঙে যাবে,
সবার সামনে প্রকাশ পাবে-
ভেতরে তুমি কেবল কয়লা,
যা নিজের আগুনেই শেষ হয়ে গেছে।
মনে রেখো-
অহংকার তোমাকে ভাঙে,
আত্মসম্মান তোমাকে গড়ে।
রূপ ম্লান হয়, সম্পদ ফুরোয়,
কিন্তু বিনয়ী হৃদয়ের আলো কখনো নিভে না।