শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ফাইনালের স্বপ্ন ভাঙল টাইগারদের,পাকিস্তানের জয় ১১ রানে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-২৬ ১০:৪১:৫৩
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সামনে ছিল হাতছানি দেওয়া ফাইনাল। মাত্র ১৩৬ রানের লক্ষ্য, কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে হার মানতে হলো টাইগারদের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের কার্যত সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ পরাজিত হয়েছে ১১ রানে, আর সেই সঙ্গে ফাইনালের টিকিট উঠলো বাবর আজমদের হাতে।
টস জিতে বোলিং নেওয়ার পর দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। তাসকিন আহমেদের আগুন ঝরা স্পেলে ফারহান দ্রুত বিদায় নেন। রিশাদ, মুস্তাফিজ ও শেখ মেহেদির বোলিংয়ে একপর্যায়ে পাকিস্তান ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। কিন্তু শেষদিকে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ ও মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ রানে ভর করে দল দাঁড় করায় ১৩৫ রানের সংগ্রহ। বাংলাদেশের হয়ে তাসকিন ৩ উইকেট, রিশাদ ও মুস্তাফিজ নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নামতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পারভেজ ইমন শূন্য রানে ফেরেন, হৃদয় করেন মাত্র ৫। ইনফর্ম সাইফ হাসানও থামেন ১৮ রানে। সোহান, মাহেদি ও জাকের আলী ব্যর্থ হলে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যায়। শামীম হোসেন কিছুটা প্রতিরোধ গড়েন—২৫ বলে ৩০ রান করলেও শাহিন আফ্রিদির বলে বিদায় নিলে শেষ হয়ে যায় সব আশা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১২৪ রানে।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ ৩টি করে উইকেট নিয়েছেন। সাইম আয়ুব শিকার করেছেন ২ উইকেট।
এই হারে বাংলাদেশ বিদায় নিলো সুপার ফোর থেকে, আর পাকিস্তান জায়গা করে নিলো ফাইনালে।

কীওয়ার্ডসঃবাংলাদেশ বনাম পাকিস্তান,সুপার ফোর সেমিফাইনাল,ফাইনাল স্বপ্ন ভাঙল,শাহিন আফ্রিদি,শামীম হোসেন


এ জাতীয় আরো খবর