শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • তোমাকে দেখি না বহুদিন
  • ২০২৫-০৯-২৫ ১০:৫৭:৫২

তোমাকে দেখি না বহুদিন -- অথচ
জানালার ফাঁক গলে আসা ভোরের আলো মনে করিয়ে দেয়
তুমি একদিন এই রোদেই দাঁড়িয়ে হেসেছিলে। 
ভেসে আসা ফুলের গন্ধ হঠাৎ আমাকে টেনে নেয় সেই সন্ধ্যায়, 
যেখানে তুমি হাতছানি দিয়েছিলে নতুন জীবনের দিকে।

তোমাকে দেখি না বহুদিন -- অথচ প্রতিটি স্বপ্নে তুমি এসে শিয়রে দাঁড়াও। 
মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয়, ঠিক পাশেই আছো 
যেন হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায়
কিন্তু আঙুলের ফাঁক গলে ঝরে পড়ে স্মৃতির শূন্যতায়। 

তুমি নেই বলেই শহরটা আমার কাছে এত নির্দয় লাগে, আকাশটা এত একা। 
তুমি নেই বলেই গানগুলো তোলে হাহাকার, ফুল হারায় রঙ। 
তবুও প্রতিদিন তোমাকে খুঁজি হারানো মানুষের ভিড়ে,
উতলা হাওয়ার ছোঁয়ায়, নীরবতার গভীরে।

তোমাকে দেখি না বহুদিন -- অথচ তোমার অনুপস্থিতিই আজ আমার জীবনের সবচেয়ে দীর্ঘ উপস্থিতি। 
তুমি না থেকেও আছো, এতটাই কাছে আছো যে
আমার প্রতি নিঃশ্বাসে-বিশ্বাসে তোমার নাম ধ্বনিত হয়।


এ জাতীয় আরো খবর