বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • চরৈবেতির রথে
  • ২০২৫-০৯-২৫ ১০:৪০:১৫

চিবুক ছুঁয়ে আহ্লাদী ঘাম,
নাকের ডগায় সোহাগ সিঁদুর
কপালের লাল টিপ আঁকে বিষণ্ন গোধূলির সূর্য,
সূর্য ডোবা আর ওঠার সন্ধিক্ষণ 
হয়তো একই সুরের মূর্ছনা !
শুধু পটভূমি পাল্টে যায়।

বনেদি বাড়ির জানলার ফাঁক দিয়ে
চকমিলানো দুর্গাদালানে
ভাঙাচোরা  লাল-নীল স্বপ্ন,
বিবর্ণ হলদে পাতার মতো খসে পড়ে,
যেখানে অশ্রু থমকে থাকে
এক অনুচ্চারিত রূপকথার ভিতর।
সোহাগ সিঁদুর একটি ভরা চাঁদের প্রার্থনা নিয়ে, 
অপেক্ষা করে থাকে অনন্তকাল !
তার শরীর জলের মতই নিরাকার স্বচ্ছ, 
স্বপ্ন দেখে, মুক্তার চেয়েও অমূল্য অশ্রু বিন্দু দিয়ে একটি টলটলে তন্বী নদী 
বানিয়ে রাখার। 
কালচক্রের নিষেধ অবজ্ঞা করে, 
দৃঢ় পায়ে সে আসবে,
তার স্নান সম্পূর্ণ করতে।  
উমা আসবে যাবে,
মঞ্চসজ্জা একই থাকবে,
শুধু প্রতিটি প্রজন্মে, 
দক্ষ নায়িকার, বুক ভাঙা শ্বাস থমকে থাকে চিলেকোঠার ভরন্ত দুপুরে।

প্রতিপত্তির ইমারত চাপা দেয়
অশ্রুত কান্নার শব্দ !
সেই কান্না শুধু  শুষে নেয় নদী, কোকিল,
আর বুক ভাঙা দীর্ঘশ্বাস।

সামাজিক লজ্জা! 
সে তো  চীনের পাঁচিলের মতোই দুর্গম, দুর্দম!
সোহাগ সিঁদুর আর ম্যারিটাল রেপ তো ধ্বনিরই প্রতিধ্বনি !
হলদে পাণ্ডুলিপিতে , পুরনো মহাকাব্যে নতুন করে রক্তে মেশে শুধু !

তবু জীবন থেমে থাকে না !
চরৈবেতির রথ এগিয়ে চলে
অদৃশ্য ক্ষত বুকে নিয়ে,
এক অবিশ্রান্ত রক্তক্ষরণের মধ্য দিয়ে।


এ জাতীয় আরো খবর