বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • প্রেম কি বেদনায় নীল ?
  • ২০২৫-০৯-২২ ১০:২৬:৫৮

হে পুরুষ !
পুরুষাঙ্গ যদি শৌর্য আর বীরত্বের প্রতীক হয়,
তবে সেই ক্ষত্রিয় অহংকারকে জানাই ধিক্কার।
 বীরত্ব তো রক্তপাত নয় !
বীরত্ব হলো ভালোবাসার সামনে মাথা নত করা,
নারীর চোখে নিজেকে আয়নার মতো ভাঙতে দেওয়া,
এবং ভগ্নাংশ থেকে জন্ম দেওয়া আলোকের পূর্ণতা।

তুমি যে মৈথুনকে করেছে সাম্রাজ্য,
সে তো কেবল শরীরের কুয়াশা !
যেখানে তৃষ্ণা আছে, তৃপ্তি নেই;
যেখানে উত্তাপ আছে, উষ্ণতা নেই।
মৈথুন, মিথুন, পরাগের মিলন,
সবই তো স্বাভাবিক, প্রকৃতির স্বরলিপি,
 প্রেম যেখানে বৃহত্তর সঙ্গীত
সেখানে এক ফোঁটা শিশিরের জন্য
ফুল সারারাত জেগে থাকে।

তুমি কি ভেবেছিলে,
বক্ষ বিভাজিকা মানেই মহাকাব্যের সূচনা?
না, তা নয় !
তুমি যে অংশুমালার অন্বেষণে ছুটেছিলে,
সেখানে পারিজাতের সুগন্ধ ছিল না,
ছিল বিষণ্ণ নীলবেদনা,
যার বুকে জন্ম নেয় কেবল কাঁটা,
বিষাক্ত ক্যাকটাসের মতো দগ্ধ প্রতীক্ষা।

হতভাগ্য কামুক দৃষ্টি  প্রেমের ভ্রমর হতে চায় !
 ফুলকে পুড়িয়ে ফেলে, নিজেও পোড়ে !
ফুলের আত্মার পরাগকে ছুঁতে পারে না কখনো।
তুমি তাই প্রেমিক নও!
তুমি কেবল শরীরের উন্মত্ত স্রোতে ভেসে যাওয়া
অস্থির যাত্রী।

মোহনা দূরে ডাকে,
যেখানে দুই নদীর জল মিলেমিশে একাকার,
যেখানে আত্মা আর শরীরের
অপরিসীম মিলন ঘটে,
কিন্তু সেই মোহনায় পৌঁছাতে পারে কেবল প্রেমিক,
কামুক নয়।

তুমি সেই অধিকার হারিয়েছ,
নিজের মিথ্যে পৌরুষের অহংকারে !
 প্রেমের দেবালয় ভেঙে
গড়ে তুলেছ অহংকারের কাচঘর।
কাচ ভেঙে গেলে রক্ত ঝরে,
কিন্তু ভালোবাসা ঝরে না।
ভালোবাসা অপেক্ষা করে,
অন্য কোনো হাতের উষ্ণতায়,
অন্য কোনো চোখের অশ্রুবিন্দুতে,
অন্য কোনো আত্মার বিনম্র আলিঙ্গনে!


এ জাতীয় আরো খবর