ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি রোববার সকালে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল।
প্রথমার্ধে মেসির নিখুঁত পাসে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদেও অ্যালেন্দে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিশ্চিয়ান বেন্টেকে ডি.সি.-কে সমতায় ফেরান। এরপর মেসি নিজের জাদুকরি স্পর্শে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান। ৬৬ মিনিটে আলবার পাস থেকে বাঁ পায়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি। কয়েক মিনিট পর বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান বাড়ান।
৭২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও স্পট কিক সতীর্থ মাতেও সিলভেত্তিকে দেন মেসি। তবে তিনি ব্যর্থ হন। শেষ মুহূর্তে ডি.সি. একটি সান্ত্বনার গোল করলেও জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে প্লে-অফের লড়াইয়ে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে মায়ামি। একইসঙ্গে সাপোর্টার্স শিল্ড রেসেও তারা শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে। হাতে আছে তিনটি ম্যাচ।
মেসি এরই মধ্যে ২২ গোল করে এমএলএস গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন। পাশাপাশি ১২টি অ্যাসিস্টও যোগ করেছেন। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “মেসির জন্য এটি হয়তো সাধারণ রাত, কিন্তু অন্যদের জন্য অসাধারণ। দলকে কাঁধে তুলে নেওয়ার ক্ষমতাই তাকে বিশেষ করে তুলেছে।”
কীওয়ার্ডস:মেসির জোড়া গোল,ইন্টার মায়ামি জয়,এমএলএস ২০২৫,মেসি অ্যাসিস্ট