বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

প ম্পা ঘো ষ

  • প্রশ্ন
  • ২০২৫-০৯-২০ ২০:৪২:০৭

আমরা যে বিদ্যাসাগর, বিদ্যাসাগর করি,
আচ্ছা বলো, তাঁর আদর্শ কি সত্যি মানি?
যদি বলো “হ্যাঁ”, তবে প্রশ্ন জাগে
পূজার নামে এত আড়ম্বর কেন?
বাল্যবিবাহ, কুসংস্কার—
সেই আঁধারে আজও জ্বলে কটা আলো?

রবীন্দ্রনাথ—ওই নাম উচ্চারণে
ভরে উঠি গর্বে, অভিমানে।
তিনি বলেছিলেন—
“শিক্ষা হোক আত্মশক্তির জাগরণ,
জীবনের আলোয় জ্বলে উঠুক মন।”
তবু আমরা শিক্ষাকে
কেন কেবল চাকরির গণ্ডিতে রাখি?
অসহায়কে ছুঁয়ে দেখি ক'জনই বা আজ?

নজরুল—বিদ্রোহের দীপ্ত সুর,
ধর্ম-জাতি পেরিয়ে যিনি গেয়েছেন
মানবতার গান, শ্যামা-ভক্তির অপার প্রাণ।
তিনি তো শিখিয়েছেন—
মানুষ আগে, ধর্ম পরে।
তাহলে আজ এত বিভেদ কেন?

বড় বড় ফ্রেমে ছবি,
ফুলে-ফিতে সাজানো স্তব—
এসব কি যথেষ্ট?
না কি এ কেবল দায়সারা সম্মান?

আদর্শ জাগ্রত হয়
প্রতিদিনকার কর্মে, সংকল্পে।
যখন শিক্ষা হয় মুক্তি,
যখন প্রতিবাদ হয় অন্যায়ের বিরুদ্ধে,
যখন হাত বাড়ায় দুর্বলতার পাশে
তখনই তো তারা জীবিত আমাদের মাঝে।

ফুল-মালা নয়, প্রয়োজন চেতনার আলো,
তবেই প্রমাণ হয়—
আমরা শুধু উচ্চারণ করি না,
বাস্তবে বিশ্বাস করি।


এ জাতীয় আরো খবর