রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ নিহত, হামলাকারী গুলিতে নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৮ ১০:০৬:৪৮
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী বন্দুকধারীও।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়েই হামলার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর একজন পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। হামলার পর নর্থ কোডোরাস এলাকার কিছু স্কুলে সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়। বর্তমানে জনগণের জন্য কোনো সক্রিয় হুমকি নেই বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থল ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে একটি গ্রামীণ এলাকায়। রাজ্যের গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে গিয়ে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং শোক প্রকাশ করেন। তিনি বলেন, *“আমরা তিনজন বীর পুলিশ কর্মকর্তাকে হারালাম, যারা এই কাউন্টি ও দেশকে সেবা দিয়েছেন। এই সহিংসতা অগ্রহণযোগ্য।”* নিহতদের সম্মানে রাজ্যের সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন তিনি।
এদিকে, এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের অংশীদারদের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।

কীওয়ার্ডস: পেনসিলভানিয়া হামলা,পুলিশ নিহত,বন্দুকধারী গুলিতে নিহত,যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতা,ইয়র্ক কাউন্টি


এ জাতীয় আরো খবর