সোমবার, মে ২৫, ২০২৬

একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৭ ২০:২৮:৩৪
ছবি: সংগৃহীত।

দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতকে এগিয়ে নিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার আধুনিকায়ন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২), উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, নারীদের ক্ষমতায়নমূলক "তথ্য আপা" প্রকল্প এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন।
এছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয়দের জীবনমান উন্নয়ন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন, পিরোজপুরে নতুন সার্কিট হাউস নির্মাণসহ একাধিক প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন সূচকে ইতিবাচক প্রভাব পড়বে।

কীওয়ার্ডস:একনেক অনুমোদন,উন্নয়ন প্রকল্প,অবকাঠামো উন্নয়ন,বিদ্যুৎ ও শিক্ষা খাত,অর্থনৈতিক প্রবৃদ্ধি


এ জাতীয় আরো খবর