মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৬ ১৫:২৪:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পাঁচশত চল্লিশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় পলাশ কর্মকার(৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত পলাশ চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়নশুকা কামারপাড়া মহল্লার প্রভাত কর্মকারের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা খাচ্চাপাড়া  গ্রামের নিকট র‌্যাবের অভিযানে ৫৪০ গ্রাম হেরাইনসহ  আটক হন পলাশ। এ ঘটনায় ওইদিন  সদর থানায় মামলা করেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মমিন।  
২০২০ সালের ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) জালাল উদ্দিন একমাত্র পলাশকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার পলশকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলার পরিচালনা করেন এড.আখতারুজ্জমান জুয়েল।


এ জাতীয় আরো খবর