সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মোখলেসুর রহমানের (সিধু ভাই) সাক্ষাত্কারভিত্তিক রচনা 'আমার জীবন-কথা ও সময়'

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৪ ২১:১৬:৩৫

[মোখলেসুর রহমান ১৯২১ সালে রংপুর জেলার নীলফামারী মহকুমার ডিমলা থানার খগাখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম সিধু মিয়া। তিনি ছিলেন এক বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু তাঁদের পরিবার জোতদার হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পড়াশোনা সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি কলকাতা, ঢাকা ও চট্রগ্রামে ছিলেন অনেক দিন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দেশভাগ-পরবর্তী সময়ে তিনি পূর্ব বাংলার সব রাজনৈতিক আন্দোলনে কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭৫-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে তাঁর ভাই মসিউর রহমান (যাদু মিয়া) রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তাঁর ভাইকে বুদ্ধি-পরামর্শ সহযোগিতা করেছেন। একজন রাজনীতিসচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বাংলাদেশের সব রাজনৈতিক নেতার সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ।

এ সাক্ষাত্কারে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন, প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ, পাকিস্তান সরকারের সঙ্গে শিল্পপতি আমিন ও আদমজীর রাজনৈতিক সম্পর্ক, তত্কালীন পশ্চিম পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি, ব্যবসা-বাণিজ্যে অবাঙালিদের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের কথা ইত্যাদি বিষয়ের পাশাপাশি ২১ ফেব্রুয়ারির ঘটনা, মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মূল্যায়ন, ভাসানীর কথা, বিএনপির গঠন, জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাই যাদু মিয়ার সম্পর্ক, বঙ্গবন্ধুর সঙ্গে যাদু মিয়ার সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসকি তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম ও মুস্তফা নূরউল ইসলাম।গৃহীত সাক্ষাত্কারের ভিত্তিতেই বর্ণনা আকারে এ রচনাটি ছাপা হলো। আর প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ইতিহাসবিদ ড. সালাউদ্দিন আহমেদ।)

পর্ব-৭ (গতকালের পর)

১৮. জিয়ার রাজনৈতিক নকশা
এখন ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলা যাক। যাদু মিয়ার সঙ্গে জিয়াউর রহমান সাহেবের যোগাযোগের ব্যাপারটি নিয়ে বেশ কথা আছে। বাজারে কথা আছে যাদু মিয়ার মৃত্যু সম্পর্কেও। এ সম্পর্কে নানা ধরনের গুজবও ছিল সেই সময়ে। এই দুটি বিষয়ে কিছুটা আলোকপাত করা যেতে পারে।
যখন শেখ মুজিবের মৃত্যু হয়, আমি তখন লন্ডনে। তাঁর মৃত্যুর পরই যাদু মিয়া জেল থেকে ছাড়া পায়। ছাড়া পেয়েই সে লন্ডনে চলে যায়। আমার সঙ্গে সেখানে দেখা হওয়ার পর থেকেই সে আমাকে কেবলি বলছিল যে একজন আমার সঙ্গে একটা রাজনৈতিক সংলাপ করতে চাইছে।
যাদু মিয়া ছাড়া পেয়েছিল মোশতাকের টাইমে। অবশ্য কে তার সঙ্গে রাজনৈতিক সংলাপ করতে চাইছে, সে কথা আমাকে বলেনি। আমি বললাম যে ‘তুমি তো এসেছ তোমার শারীরিক সমস্যা নিয়ে। তুমি আগে এ কাজটাই সারো।’ চেকআপ সেরে এক মাসের মধ্যে মেডিকেলে আসার সময় আমাকে বলল, ‘যদি আমার সঙ্গে এরা কোনো আলোচনা করতে চায়, তাহলে আপনার সাহায্য আমার দরকার হবে। আপনি আসবেন।’
আমি বললাম, ‘আমি সেটা বলতে পারছি না। কী রকমের ডায়ালগ হবে, সে ব্যাপারে তুমি আগে আমাকে জানাবে।’
খোন্দকার মোশতাক তখন ক্ষমতা থেকে চলে গেছেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছেন। জিয়াউর রহমান সাহেব এসে যাদু মিয়ার সঙ্গে ডায়ালগ ওপেন করেন। জিয়াউর রহমান যখন তাঁর সঙ্গে ডায়ালগ ওপেন করেন, তখন তিনি একদিন আমাকে একজনের হাত দিয়ে খুব একটা জরুরি চিঠি পাঠালেন। তাতে বলা হয়েছিল, ‘সংবিধান ও অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। আমি তো পারছি না। আপনি তাড়াতাড়ি আসেন।’ আমি তাড়াতাড়ি গেলাম। আমি যাওয়ার আগেই জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাঁর নানা রকমের আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। প্রথমেই, জিয়াউর রহমান চাচ্ছিলেন যে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হোক এবং যাদু মিয়া সেটা নিয়ে কোনো ব্যক্তিগত দর-কষাকষিতে যাতে না যায়। সংবিধানের ওপরই কথা চলছিল। কথা চলছিল সংবিধানের রূপরেখা কী হবে, তা নিয়ে। প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের ক্ষমতা কী হবে, সে নিয়েও কথা হচ্ছিল। ফরাসি সংবিধান, জার্মান সংবিধান, পাকিস্তানের সংবিধান ইত্যাদি নিয়েও আলাপ হয়। জিয়াউর রহমান সাহেবের কাছে ১৯৭২ সালের সংবিধান গ্রহণযোগ্য নয়, তিনি এক ব্যক্তির হাতে আরও বেশি ক্ষমতা চাইছেন। সেই ক্ষমতার বণ্টন হবে কি না, হলে কীভাবে হবে, সে নিয়েও কথা হলো। এ জন্য বিভিন্ন দেশের সংবিধান আনা হলো। সেগুলোকে বিবেচনায় নেওয়া হলো। কিন্তু আলোচনা যখন চলছে, তখন জিয়াউর রহমান সাহেব হঠাত্ করেই যাদু মিয়ার সঙ্গে আলোচনা বন্ধ করে দিলেন। এবং গণভোটের সিদ্ধান্ত নিলেন। আর সেটা কার বুদ্ধিতে নিলেন, সে কথা আমি জানি না। যখনই গণভোট দিলেন, যাদু মিয়া তো একেবারে খেপে লাল। সে আমার বাসায় ছুটে এল। বলল, ‘জিয়া আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি একটা প্রেস কনফারেন্স করব।’
আমি বললাম, ‘কী প্রেস কনফারেন্স করবে। এখন তো মার্শাল ল চলছে।’
যাদু বলল, ‘না, প্রেস কনফারেন্স করবই।’ আমি বললাম, ‘যদি নেহাতই করো, তাহলে তোমার বক্তব্য যেন রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। ব্যক্তিগত আক্রমণ কোরো না কিংবা গালাগাল দিয়ো না।’ যাদু মিয়ার সেই প্রেস কনফারেন্সের বিবরণ কোনো দিন ছাপানো হয়নি। কারণ, সেটা নিষিদ্ধ করা হয়েছিল। প্রেস কনফারেন্স ওর বাড়িতেই হয়েছিল এবং তার একটা কপি সে আমাকে দিয়েছিল। আমি বোধ হয় হারিয়ে ফেলেছি। সেখানে জিয়াউর রহমান সাহেব যে গণভোট করলেন, তার আগে সংবিধানে কতকগুলো সংশোধনী এনেছিলেন। উনি যে কৃতিত্বের দাবি করেন, সেটা হলো তিনি শাসনতন্ত্রে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যোগ করেছেন। যাদু মিয়া তার প্রেস কনফারেন্সে বলল যে উনি তো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যোগ করার কথা বললেন, তার আগে একটা লাইন ছিল ‘আউজুবিল্লাহ মিনাস শায়ত্বায়ানির রাজিম’—ওটা দেন নাই কেন? মানে জিয়াকে নানাভাবে আক্রমণ করতে লাগল। তারপর ওই ‘সোশ্যালিজম’-এর জায়গায় ‘সোশ্যাল ওয়েলফেয়ার’ করা হলো কেন, এ ধরনের প্রতিটি দিকের সমালোচনা করতে লাগল। করার পর আমাকে এই বলে টেলিফোন করল যে ‘আমি তো যা করার করেছি। এখন আমার বাড়ি তো ঘেরাও।’
আমি বললাম, ‘কী রকম?’
বলল, ‘সাদা পোশাকের পুলিশে আমার বাড়ি ঘেরাও। বাড়ি থেকে কাউকে বেরোতে দিচ্ছে না, কাউকে ভেতরে আসতেও দিচ্ছে না।’
আমি বললাম, ‘আমি তো রাতে কোথাও যাব না। আগামীকাল সকালবেলা তোমার ওখানে আসার জন্য চেষ্টা করতে পারি।’
পরের দিন সকালবেলা আমি যখন যাই, তখনো সাদা পোশাকের পুলিশে যাদু মিয়ার বাড়ি ঘেরাও হয়ে রয়েছে।
আমি বললাম যে ‘দেখেন, ও খুব উত্তেজিত। ওর ব্লাডপ্রেশার। আমি ওকে একটু দেখতে চাই। বেশিক্ষণ থাকব না।’ আমাকে যেতে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘কোনো ব্যক্তিগত আক্রমণ তো করো নাই?’
বলল, ‘না, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করিনি। তবে আমি তাঁকে কায়দা করে কয়েকটা খোঁচা দিয়েছি।’
যা-ই হোক, যাদু মিয়াকে পাক্কা তিন দিন ওই রকমভাবে রাখা হয়েছিল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। ডিজিএফআইয়ের প্রধান আমিনুল ইসলামের তরফ থেকে একটা ফাইল দেওয়া হলো জিয়াউর রহমানের কাছে। তাতে মশিয়ুর রহমানকে মার্শাল লতে গ্রেপ্তার করার কথা বলা হলো। আমিনুল ইসলামের এই ফাইলটা পেয়ে জিয়াউর রহমান করলেন কি এরশাদ সাহেবকে ডাকলেন। তখন উনি ডেপুটি চিফ ছিলেন। মঞ্জুর ছিলেন সিজিএস। এরশাদ এনএসআই, কমিশনার অব পুলিশ এবং ডিআইজিএসবি—এঁদের সবাইকে ডাকলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরশাদ সাহেব প্রথমেই নাকি বলেছিলেন, (আমার এটা যাদুর কাছ থেকে শোনা) ‘যাদু মিয়া আমার আত্মীয়। কাজেই আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে থাকতে চাই না।’
জিয়াউর রহমান সাহেব শুনে বলেছিলেন, ‘ইউ আর এক্সকিউজড।’
এরশাদ সাহেব উঠে চলে গিয়েছিলেন। দেন ইট কেম টু মঞ্জুর।
মঞ্জুর বলেছিলেন, ‘মশিয়ুর রহমান সাহেব যে মার্শাল ল ভঙ্গ করেছেন, এটা আপনি কী করে জানলেন?’
বললেন, ‘আমার কাছে টেপ আছে।’
বললেন, ‘টেপটা প্লে করেন।’
টেপ প্লে করা হলো। বাজানো টেপ শুনে দেখা গেল যে মার্শাল লকে উনি আক্রমণ করেননি। জিয়াউর রহমানকেও উনি ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। এসব শোনার পরে মঞ্জুর বললেন যে ‘আমার ধারণা, উনি মার্শাল লর কোনো শর্ত ভঙ্গ করেননি। সুতরাং তাঁকে গ্রেপ্তার করার আমি কোনো যুক্তি দেখি না।’ এনএসআইয়ের সরদার তাঁকে বললেন, ‘আপনার কী মত?’
সরদার নাকি বলেছিলেন, ‘আমরা তো আগের খবর সব জানি স্যার। উনি তো আমাদের বন্ধু। হি ইজ অ্যা ফ্রেন্ড অব দ্য অথরিটি এবং আপনার সঙ্গে তো তাঁর অনেক আলাপ-আলোচনা হয়েছে।
তাঁকে গ্রেপ্তার করার পক্ষে আমি উপযুক্ত ক্ষেত্র খুঁজে পাচ্ছি না। তাঁকে গ্রেপ্তার করে শত্রু বানানোর আমি বিপক্ষে। সুতরাং আমরা তাঁর গ্রেপ্তারের পক্ষে নই।’ পুলিশ বলল যে তাঁকে এ অবস্থায় গ্রেপ্তার করলে যে অবস্থার সৃষ্টি হবে, সেটা আমরা সামলাতে পারব কি না, জানি না। সুতরাং, আপনারা সিদ্ধান্ত নেন। তারপর আমাদের যদি আদেশ দেন, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। এসবির তরফ থেকে বলা হলো, আপনারা যখন কেউই দায়িত্ব নিতে চান না, আমাদের ঘাড়ে সেটা কেন চাপাতে চাইছেন, আপনারা এর দায়দায়িত্ব নেন।
যা-ই হোক, শেষ পর্যন্ত মঞ্জুরের মতামতই বজায় থাকল এবং মশিয়ুর রহমান যাদু মিয়া ওয়াজ নট অ্যারেস্টেড আন্ডার মার্শাল ল ফর হোল্ডিং দ্যাট প্রেস কনফারেন্স। কিন্তু কয়েক দিন তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে রাখা হয়। এই অভিযোগ এনে যে গণভোটের পোস্টার দেয়ালে সাঁটা হয়েছিল, সেটা নাকি তারা ছিঁড়েছিল। যাদু মিয়ার দুই ছেলেকে গ্রেপ্তার করে প্রায় তিন সপ্তাহ, মানে গণভোট শেষ না হওয়া পর্যন্ত থানাহাজতে আটক রাখা হয়। ছেলে দুটো ন্যাপ করত না, কিছুই করত না। তারা মসিউর রহমানের ছেলে, এটাই তাদের আটক রাখার কারণ।
যা-ই হোক, রেফারেন্ডাম তো হয়ে গেল। জিয়াউর রহমান তাতে শতকরা ৯৬ না ৯৯ ভাগ ভোট পেলেন। ব্যাপারটা দেশেও কেউ বিশ্বাস করেনি, বিদেশে তো নয়ই। উনি গেলেন কমনওয়েলথ হেড অব স্টেটসের মিটিংয়ে। সেই সময় ম্যানচেস্টার গার্ডিয়ান লিখে দিল যে যে ভোট উনি পেয়েছেন, সেটা ক্যালকুলেট করলে দেখা যাবে যে প্রতি ৪০ সেকেন্ডে একটা করে ভোট পড়েছে। যেটা ব্রিটেন কিংবা অন্য কোনো গণতান্ত্রিক দেশেও আমরা দেখি না। বাংলাদেশ রাজনৈতিকভাবে এমন কী সচেতন দেশ যে সেখানে এ রকম হারে ভোট পড়তে পারে!
এ রকমের তিক্ত সব কথা লেখা হলো তাঁর বিরুদ্ধে। জিয়াউর রহমান কমনওয়েলথ সম্মেলন থেকে ফিরে এসে যাদু মিয়াকে আবার ডাকলেন। ডেকে তার কাছে দুঃখ প্রকাশ করলেন। যা কিছু হয়েছে তার ফিরিস্তি দিয়ে বললেন, ‘যাদু ভাই, এবার আপনি ছাড়া কেউ আর আমার মানসম্মান রক্ষা করতে পারবে না। মানসম্মান বলতে আর কিছু নেই।’ যাদু মিয়া বলল, ‘কেমন করে করব?’ জিয়া বললেন, ‘আমাকে জনসাধারণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেন।’
জিয়ার সঙ্গে তার এসব কথা হয়েছে অনেক রাত পর্যন্ত। খানাপিনাও হয়েছে। তারপর ভোর ছয়টার দিকে যাদু মিয়া টেলিফোন করে আমাকে বলল, ‘আপনি একটু আসেন। আপনার সঙ্গে কথা আছে।’ আমি তার গলার আওয়াজে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ভোর ছয়টার সময় হঠাত্ করে তার ফোন কেন? তাই শঙ্কিত গলায় আমি বললাম, ‘কী হয়েছে তোমার?’
বলল, ‘না, কিছু হয়নি। আপনি একটু আসেন।’ আমি তার কাছে যাওয়ার পর সে আমাকে বলল যে ‘জিয়া আমাকে এ রকমভাবে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। আমি তো কথা দিয়ে এসেছি যে তাঁকে আমি জনসাধারণের সরাসরি ভোটে পাস করাব।’
আমি বললাম, ‘কথা দিয়ে এসেছ অথচ তুমি কি পারবে? তুমি যে একলা কথা দিয়ে এলে, জিয়াউর রহমানকে জনসাধারণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করার  তোমার ক্ষমতা আছে?’
যাদু মিয়া বলল, ‘না, আমি পারব না বলেই আপনাকে খবর দিলাম। কথা যখন দিয়ে এসেছি, তখন আমি কী করব বলেন!’
তখন তার সঙ্গে মিলে একটা রাজনৈতিক কৌশল ঠিক করা হলো। কৌশলটা ছিল এ রকমের, আওয়ামী লীগের শেষের দিকে যে কাজ-কারবার, তাতে করে একটা বিপুলসংখ্যক জনগণ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়াদের আমি বলেছিলাম ‘সাইলেন্ট মেজরিটি’। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেও সাহস পায় না অথবা আওয়ামী লীগকে সমর্থনও করতে পারছে না। ফলে রাজনৈতিকভাবে তারা চুপচাপ হয়ে গেছে। আমি বললাম, ‘যদি এই সাইলেন্ট মেজরিটিকে তুমি কনভার্ট করে তোমার পক্ষে আনতে পারো, তাহলে শুরু হতে যাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশ নেওয়ার এই বলে ডাক দেওয়া যেতে পারে যে “আপনারা আসেন, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেন এবং মার্শাল ল থেকে বেরিয়ে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতির উত্তরণ ঘটাই। আপনারা এতে অংশ নেন।” এভাবে জনগণকে যদি তুমি বোঝাতে পারো, তাহলে তোমার সাফল্যের সুযোগ আছে। কিন্তু তার আগে তোমাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে। একটা রাজনৈতিক জোট গড়ে তুলতে হবে। কার কার সঙ্গে মিলে এই জোট করতে পারো?’
যাদু মিয়া আমাকে বলল, ‘আওয়ামী লীগ সামরিক বাহিনীর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাত্ এই জোটে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আনতে পারবে না অথবা আওয়ামী লীগের সে রকমের কোনো প্রতিষ্ঠিত নেতাও এতে আসতে পারবে না।’
আমি বললাম, ‘তাহলে ব্যাপারটা হবে কী করে? তাঁদের বাদ দিয়ে কিছু হলে সেটা হবে অত্যন্ত দুর্বল কিছু।’
যাদু মিয়া বলল, ‘মুসলিম লীগকে পারব।’
আমি বললাম, ‘মুসলিম লীগ মানেই তো সবুর খান। সবুরকে তো বিশ্বাস করবে না বাংলাদেশের লোক।’
তখন ও বলল, ‘একটা কাজ করা যায়, সবুর ভাইকে কিছু ভালো ব্র্যান্ডি-ট্র্যান্ডি দিয়ে তাঁর সঙ্গে আজকে রাতেই একটু কথা বললে হয় না! উনাকে যদি কিছুদিনের জন্য সরিয়ে দিই আর শাহ আজিজকে মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট করা হয়, অর্থাত্ চার্জ বুঝিয়ে দিয়ে সবুর খান সরে যান, তাহলে শাহ আজিজ আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।’
সবুর সাহেবের কাছে খুব ভালো ব্র্যান্ডি নিয়ে গেল যাদু মিয়া এবং রাতের মধ্যেই সবুর সাহেব দুই-এক মাসের জন্য শাহ আজিজকে তাঁর দায়িত্বভার বুঝিয়ে দিয়ে দেশের বাইরে চলে গেল। ইট ওয়াজ অল ফাইন্যান্সড বাই গভর্নমেন্ট অথবা অন্য কোনো প্রতিষ্ঠান। এ ঘটনার পরপরই শাহ আজিজ যাদু মিয়ার সঙ্গে জয়েন করলেন।
এই ঘটনা ঘটেছিল ‘জাগদল’ হওয়ার পর। এভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। তার মধ্যে কাজী জাফর এল। তারপর যাদু মিয়া ন্যাপকে আনল। কিন্তু ন্যাপকে ফ্রন্টের মধ্যে বিলীন করে দিল না।
সাময়িকভাবে তার কাজকর্মকে স্থগিত করল। ন্যাপের কর্মতত্পরতা স্থগিত করার ব্যাপারটা একটা গোঁজামিল ছাড়া আর কিছু ছিল না। কিন্তু তাতে যাদু মিয়ার যে পারপাস, সেটা হাসিল হয়নি। কারণ, ক্ষমতার লোভে পড়ে ন্যাপের সব লোক যাদু মিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জিয়াউর রহমানের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে ছিল।
কাজী জাফরের কথাই ধরা যাক। এর আগে আগাগোড়া সে একটা এস্টাবলিশমেন্ট-বিরোধী ভূমিকা পালন করে এসেছে। এখানটায় এসে সে এস্টাবলিশমেন্ট, বিশেষ করে মিলিটারি এস্টাবলিশমেন্টের সঙ্গে হাত মেলায়। আমার মতে, এটা ছিল তার বাইরের দিক। ভেতরে ভেতরে সে সবার সঙ্গেই যোগাযোগ রেখে চলত।

১৯. জিয়াকে রাজনীতিবিদ বানানোর প্রকল্প
তখনো আমি অত কিছু জানি না। জিয়াউর রহমানের উদ্যোগে যে রাজনৈতিক প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়ার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। তারপর তো তিনি সরাসরি এগিয়ে এলেন। প্ল্যাটফর্ম তৈরি হলো। এই প্ল্যাটফর্ম থেকেই জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট করা হলো। কারণ, তাঁরা জানতেন যে জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। অ্যাপার্ট ফ্রম এনিথিং জিয়াউর রহমানের একটা পপুলারিটি ছিল এবং সত্যি বলতে কি, তাঁকে রাজনীতিবিদ বানানোর যে প্রসেস, সেটা ছিল একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার।
জিয়াউর রহমান কিন্তু বাংলা লিখতে-পড়তে জানতেন না। তিনি শেষের দিকে যা কিছুতে সই করতেন, সেটা করতেন শুধু বাংলায় ‘জিয়া’ লিখে। আপনারা যদি তাঁর স্বাক্ষর করা ফাইল ইত্যাদি দেখেন, তাহলে এই ব্যাপারটা লক্ষ করবেন। করাচিতে তিনি লেখাপড়া শিখেছেন। যত্সামান্য বাংলা বলতে পারতেন। বাংলা লেখাপড়া কিছু জানতেন না।
প্রথম দিকে তিনি বাংলায় যে বক্তৃতা দিতেন সেগুলো উর্দুতে লিখতেন। লিখে তারপর তা-ই দেখে দেখে ভাষণ দিতেন। যা-ই হোক, আমার নিজের ছেলেও বাংলা বলে কিন্তু পড়তে পারে না। কারণ, সে জন্মের পর থেকেই ইংরেজি স্কুলে লেখাপড়া করেছে। তার পরও বলব, এটা তাঁর চরিত্রের একটা দুর্বল দিক। কিন্তু এ নিয়ে তাঁর বিরুদ্ধে কিছু বলা যাবে না।
যা-ই হোক, যে কথা আমি বলছিলাম—জিয়াউর রহমানের একটা ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল এবং তাঁর বিরুদ্ধে কোনো বদনাম ছিল না। মানুষ তাঁকে পছন্দই করত। কিন্তু ভালো করে বক্তৃতা দিতে পারতেন না। দিতে গেলে খালি হাত-পা ছুড়তেন। এসব দেখেটেখে যাদু একদিন আমাকে বলল যে ‘এ রকম হলে কী করে তাঁকে আমি চালিয়ে নেব?’
আমি বললাম, ‘দেখো, জিয়া বক্তব্য দিতে পারেন না ঠিক আছে। তিনি সবচেয়ে ভালোভাবে কী করতে পারেন, সেটা খুঁজে বের করো।’
জবাবে যাদু বললেন, হাঁটতে পারেন একনাগাড়ে ২০ থেকে ৩০ মাইল পর্যন্ত।
আমি বললাম, এই তো পাওয়া গেল সবচেয়ে ভালো একটা উপায়। তুমি তাঁকে সঙ্গে নিয়ে পাড়াগাঁয়ে হাঁটাও। হাঁটাও আর যেটা পারে তাঁকে দিয়ে সেটাই করাও। গাঁও-গ্রামের রাস্তা দিয়ে যাবে আর মানুষজনকে জিজ্ঞেস করবে, ‘কেমন আছেন?’
প্রেসিডেন্ট, দেশের মিলিটারি লিডার, তিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে, কানাকানচি দিয়ে ঘোরাঘুরি করছেন আর লোকজনের ভালোমন্দের খোঁজখবর করছেন, তাতেই তিনি জনপ্রিয় হয়ে উঠবেন। এভাবে দেখতে দেখতে তিনি বক্তব্য দেওয়াটাও রপ্ত করে ফেললেন। কিন্তু এ তো ঘটনার এক দিক। অন্য দিকটা হলো, যেখানে কোনো দিন যাননি, ইউনিয়ন বোর্ডের একজন চেয়ারম্যানও, সেখানে খোদ দেশের প্রেসিডেন্ট যাচ্ছেন এবং তাঁর সঙ্গে অন্য আরও অনেকেই যাচ্ছেন। সেটা একটা বিশাল ব্যাপার। এসব দেখেটেখে গ্রামের লোকজন ভাবল, জিয়াউর রহমান এমন লোক, যিনি আমাদের খোঁজখবর রাখেন।
এভাবে তাঁর একটা জনপ্রিয়তা তৈরি হলো। এভাবেই তো তিনি প্রেসিডেন্ট হলেন। হওয়ার পর সংসদীয় নির্বাচনও হলো।
আপনারা বলতে পারেন, আমি নীতিচ্যুত হয়েছি কি না; কিন্তু আমি নিজের স্বার্থে এসব করিনি। এমনকি যাদু মিয়া প্রাইম মিনিস্টার কিংবা এ রকমের কিছু হোক—তেমন উদ্দেশ্য থেকেও কিছু করিনি। আমি দেশে গণতন্ত্র আসুক—সত্যিকারভাবে সেটা চেয়েছিলাম বলেই তাদের এই সমর্থনটুকু দিয়েছিলাম। এবং ক্ষমতাটা যে এক হাতে কুক্ষিগত হয়েছিল, জানতাম সেখান থেকে একেবারে একদিনে আমি বেরিয়ে আসতে পারব না। কাজেই সেটা যদি একটা স্টেজের ভেতর দিয়ে আসে, তা-ও আসুক। কিন্তু আমি চেয়েছিলাম যে জিয়াকে এ রকম সমর্থন দেওয়ার আগে তাঁর সঙ্গে যাদু মিয়ার একটা চুক্তি হতে হবে এবং সেটা হতে হবে সংবিধানের ওপর ভিত্তি করে এবং সত্যি বলতে কি, এ ব্যাপারে চুক্তি হয়েছিলও। হয়েছিল সাংবিধানিক ফরমুলার ওপর ভিত্তি করেই। সেই চুক্তিতে যাদু মিয়া ও জিয়াউর রহমান—দুজনেরই সই ছিল। চুক্তিটার দুটো কপি ছিল। একটা ছিল যাদু মিয়ার কাছে। আর একটা ছিল জিয়াউর রহমানের কাছে। থার্ড একটা কপিও থাকতে পারে। খুব সম্ভবত সেটা ছিল মেজর জেনারেল নুরুল ইসলামের কাছে। তিনি তখন জিয়াউর রহমানের সিভিলিয়ান অ্যাফেয়ার্স বিভাগে কাজ করতেন। আমি দেখেছি সেই কপিটায় ১২-১৩টা প্রস্তাব লেখা ছিল। তার নিচেই সব সইটই করা হয়েছিল। জিয়াউর রহমান ও মসিউর রহমানের সই ছিল। তাতে ছিল সংসদের ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতা (পাওয়ার্স অব পার্লামেন্ট অ্যান্ড পাওয়ার্স অব প্রেসিডেন্ট) কী হবে, তার বিবরণ। মোটামুটি গণতান্ত্রিক সংবিধানের একটা রূপরেখাও তাতে তুলে ধরা হয়েছিল। তবে ওটার প্রথম খসড়া কার, আমি জানি না। কিন্তু আমার সঙ্গেও চুক্তিটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নিয়েই চুক্তিটা দাঁড় করানো হয়েছিল। তার একটা কপি যাদু মিয়া আমাকে দিয়ে বলেছিল, ‘এটা আপনার কাছে রাখেন।’ আমি তো আর জানি না যে যাদু মিয়া এ রকমভাবে মারা যাবে! আমি তাঁকে বলেছিলাম, ‘দেখো, এটা তো একটা গুরুত্বপূর্ণ দলিল। এটা তোমার কাছেই থাকা উচিত। আমার কাছে থাকা উচিত নয়। আমি হয়তো কোথায় রেখেটেখে দেব। অন্য লোকে দেখেটেখে ফেলতে পারে। এটা একান্তভাবেই তোমাদের জিনিস।’ আমি আর ওটা নিইনি।
যাদু মিয়ার মৃত্যুর পর আমি প্রথম যে জিনিসটার খোঁজ করেছি, সেটা হলো চুক্তিটির কপি। যাদু মিয়ার শোয়ার ঘরের আলমারির ওপর রাখা একটা সুটকেসের মধ্যে ওটাকে রাখা হয়েছিল। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও আমি ওখান থেকে আর ওটাকে পাইনি। ওটা উধাও হয়ে গিয়েছিল। এ কথা হচ্ছে, যাদু মিয়া এবং জিয়ার মধ্যে যে বোঝাপড়াটা হয়েছিল, সেটা যাদু মিয়ার মৃত্যুর পরে কিন্তু আর থাকেনি। লিডার হিসেবে তুলে আনা হলো শাহ আজিজুর রহমানকে।
একদিন যাদু মিয়া আমাকে দুঃখ করে বলেছিল, ‘আমি তো শাহ আজিজকে নিয়ে গেলাম সংসদে আর প্রেসিডেন্টের পাওয়ার কী হবে, কতটুকু হবে, সে ব্যাপারে সাহায্য করার জন্য। সেখানে সে এ রকমের একটা শর্ত রেখেছিল যে প্রেসিডেন্টই প্রধানমন্ত্রী নমিনেট করবেন; কিন্তু পার্লামেন্টে গিয়ে তাঁকে ৩০ দিনের মধ্যে আস্থা ভোট নিতে হবে।’
শাহ আজিজ ওখানে বসেছিল। সে জিয়াকে লক্ষ করে বলেছিল, ‘স্যার, এর আবার কী দরকার? আপনি নমিনেট করবেন, তার আবার আস্থা ভোটের কী দরকার? দ্যাট ইজ এনাফ। ইয়োর নমিনেশন ইজ এনাফ।’
যাদু বলল, ‘তাকে নিয়ে গেলাম, আর সে গিয়ে কিনা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করল জিয়ার কাছে।’ এসব ব্যাপার নিয়ে যাদু মিয়া শাহ আজিজ সম্পর্কে হতাশা বোধ করছিল। কিন্তু তখন আর উপায় ছিল না। তাঁকে যে সাহায্য করব, আমার সামনে তেমন কোনো রাস্তা আর খোলা ছিল না।

২০. যাদু মিয়ার মৃত্যু প্রসঙ্গ
নির্বাচনের পর অনেক ঘটনা ঘটল এবং জিয়াউর রহমান অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে যাদু মিয়ার কাছে তিনি তাঁকে প্রধানমন্ত্রী করবেন বলে যে অঙ্গীকার করেছিলেন, সেখান থেকে তিনি সরে যাচ্ছিলেন। তাকে ভাইস প্রেসিডেন্ট করার অফার দেওয়া হচ্ছিল কিন্তু যাদু মিয়া বলছিল যে ‘হয় তুমি ওয়াদা রাখবে অথবা রাখবে না—দুটোর একটা করো। আমি অন্য কিছু নেব না।’ এসব কিছু নিয়ে খুব গোলমাল হলো এবং যাদু মিয়ার পক্ষের কিছু লোক যাদু মিয়াকে এসব নিয়ে খুবই টেনশনে রেখেছিল। তাকে তারা স্বস্তি দিচ্ছিল না। যাদু মিয়ার মৃত্যুর কিছুদিন আগে টঙ্গীতে একটা মিটিং ছিল। সে তাতে বক্তৃতা করেছিল এবং মিটিং চলার সময়ই সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার উচ্চ রক্তচাপও ছিল। টেনশনেই তার এমনটা হয়।
আমি অবশ্য নির্বাচনের পরেই যাদু মিয়ার সঙ্গে সম্পর্ক পুরোপুরি চুকিয়ে দিয়েছিলাম। কারণ, বহু লোক তদবিরের জন্য তার কাছে আসত। আমি যাদু আর জিয়াউর রহমানকে মূলত সমর্থন করেছিলাম গণতন্ত্রের জন্য।
আর একটা কথা যাদু মিয়াকে বলেছিলাম, ‘আর যা-ই করো আর না করো, দেয়ার ক্যান নট বি অ্যানি ডেমোক্রেসি উইথআউট অ্যান অপজিশন।’ সে ব্যক্তিগতভাবে একদিন আমাকে বলেছিল, ‘আপনি কোন সিট থেকে দাঁড়াতে চান বলেন। আমি আপনাকে পাস করিয়ে আনব।’
আমি বলেছিলাম, ‘আমি তেমন কিছু চাই না।’ অবশ্য আমি তাকে ঠাট্টা করে বলেছিলাম, ‘তুমি যেখানে প্রধানমন্ত্রী হবে, সেখানে আমি সদস্য হব!’
বলেছিলাম, ‘আমি কিছু চাই না কিন্তু তোমরা আমাকে একটা কথা দাও যে দেশে একটা অপজিশন বা বিরোধী দল থাকবে।’
ও বলেছিল, ‘থাকবে মানে, থাকবে।’
আমি বললাম, ‘শেখ মুজিবের কাছেও একটা গ্রুপকে আমি পাঠিয়েছিলাম। আমার নিজেরই যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি। কারণ, আমি নিজেকে আয়ত্তে রাখতে পারব না।’
যা-ই হোক, তাদের দিয়ে একটা কথাই শেখ মুজিবকে বলানো হয়েছিল যে সংসদে যাতে বিরোধী দল থেকে ৩০-৪০ জন সংসদ সদস্য সংসদে এসে কথা বলতে পারেন, আপনি তার সুযোগ রাখবেন।
যাঁরা তাঁর কাছে গিয়েছিলেন, শেখ মুজিব নাকি তাঁদের বলেছিলেন, ‘বিরোধী দলের তারা যদি ভোট না পায়, আমি কি বাক্স ভেঙে তাদের পক্ষে ভোট দেব।’ যাদু মিয়াও আমাকে একই কথাই বলেছিল, ‘অপজিশন আমরা ক্রিয়েট করব মানে?’
আমি বললাম, ‘বিরোধী দলকে আসতে দিতে হবে, বলতে দিতে হবে।’
যাদু বলল, ‘তারা যদি ভোট না পায়।’
আমি বললাম, ‘ভোট তো তাঁরা পাবে যাদু মিয়া, তোমরা যদি ভোটারের ভোট কেড়ে না নাও।’ তারা আমার এই কথাটা খুব সিরিয়াসলি নিয়েছিল, অ্যান্ড দে অ্যালাউড দ্য অপজিশন টু কাম।
কিছু কিছু লোক সত্যিকারভাবে নিজেদের জোরে এসেছিলেন আর কিছু কিছু জায়গায় ব্যাপারটা একটু অন্যভাবে ঘটেছিল। যেমন খান সবুর সাহেবের কথাই ধরুন। তিনি মুসলিম লীগার। এই মর্মে চুক্তি হয়েছিল যে তাঁকে তিন জায়গা থেকে পাস করিয়ে আনতে হবে। তাঁকে তিন জায়গা থেকেই পাস করিয়ে আনা হয়েছিল।
আমাদের রংপুরে মুসলিম লীগের কাজী আবদুল কাদেরের কথাই ধরা যাক। সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যিনি, তিনিই আমাকে এসব কথা বলেছিলেন। বলেছিলেন, তাঁকে টাকা দেওয়া হয়নি। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে গভর্নমেন্ট অফিসাররা পর্যন্ত কাজ করেছেন। সবাই কাজ করেছেন কাজী কাদেরের পক্ষে।
আওয়ামী লীগের কিছু লোক নিজেদের শক্তির বলেই এসেছেন। কিছু কিছু লোককে পুলিশ রেকর্ড-টেকর্ড দেখে আনা হয়েছে। ফলে একটা উল্লেখযোগ্যসংখ্যক বিরোধীদলীয় সদস্যও সংসদে আসার সুযোগ পেয়েছেন। তাঁদের সংখ্যা ছিল ৮০ জনের মতো।
জিয়াউর রহমানের সময়কার ঘটনা এটা। আমার সঙ্গে তাঁদের কথা হয়েছিল। এটা তারই ফল। আমার সেই পরামর্শকে তাঁরা গুরুত্ব দিয়েছেন। ফলে সংসদে বিরোধীরা এল। বিরোধীদের তাঁরা কোনোভাবেই আসতে দেওয়ার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেননি।
শেষের দিকে যেমনটা হয়েছিল, বিরোধীদের একেবারে আসতেই দেব না, কথা বলতেই দেব না। কেবল আমরাই কথা বলব। তেমন কিছু করার সত্যিই একটা সুযোগ ছিল। কিন্তু তেমন কিছু হলো না।
এবার যাদু মিয়ার মৃত্যু প্রসঙ্গে একটু কথা বলি।
আমি তার সঙ্গে অনেক দিন সম্পর্ক রাখিনি। তার মৃত্যুর আগের দিন সেদিন বৃহস্পতিবার ছিল, বাইজু অর্থাত্ ফরিদা হাসান আমাকে টেলিফোন করেছিল। তার পরদিন অর্থাত্ শুক্রবারে সে অসুস্থ হয়। বাইজু আমাকে টেলিফোন করে বলেছিল, ‘ভাই, আপনি কি জানেন, যাদু ভাই ভীষণ অসুস্থ?’
আমি বললাম, ‘না, আমি তো জানি না।’
বলল, ‘খুবই অসুস্থ সে।’
তখন আমি আমার অফিসে ছিলাম। বাইজুকে বললাম, ‘এখন তো আমি যেতে পারব না।’ আমার সামনে একজন বসে ছিল, সে যাদু মিয়ার ওখানে যাতায়াত করত। তাকে বললাম, ‘তুমি যাও তো, যাদু নাকি অসুস্থ। তাকে দেখে আসো।’
সে দেখে এসে বলল, ‘কোথায় অসুস্থ! উনি তো খাওয়া-দাওয়া করছেন। তাঁর বাড়িতে গেস্ট আছে। উনি খাওয়া-দাওয়া করছেন বলে আমি আর ভেতরে যাইনি।’
আমার ছেলেকে বললাম, ‘তুমি বিকেল চারটার দিকে একবার খোঁজ নিতে যেয়ো তোমার চাচা অসুস্থ কি না।’ আমার ছেলে সেখানে গিয়ে দেখে যে সে ঘুমাচ্ছে। অনেকক্ষণ বসে ছিল। কথা হয়নি।
আমি শুক্রবার সকালবেলা অফিসে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি বেরোলাম এই ভেবে যে একটু যাদুর ওখানে হয়ে যাব। আমি যখন এলাম, তখন অলরেডি হি হ্যাড এ স্ট্রোক। তার মুখের বাঁ দিকটা বাঁকা হয়ে গেছে...। আমি তাঁর ছেলেকে জিজ্ঞেস করলাম, ‘এটা কেমন করে হলো?’
সে জানাল, ‘এটা হয়েছে সকালবেলায়। উনি খুব উত্তেজিত ছিলেন বলে ভেলিয়াম-টেলিয়াম কিছু খেয়েছিলেন। শুনেছি অনেক রাত পর্যন্ত বাইরে ছিলেন। সেখান থেকে ফিরে এই ভেলিয়াম খাওয়ার পরপরই হি হ্যাড দ্যাট স্ট্রোক।’
তখন আমি বললাম, ‘যাদু মিয়াকে তুমি এভাবে রাখতে পারো না। তোমার বাবা হতে পারে সে। কিন্তু আসলে তো সে গভর্নমেন্টের লোক। সে তো সিনিয়র মিনিস্টার। হ্যাভ ইউ আসকড জিয়া, সে কী করতে চায়?’ জিয়াউর রহমানকে টেলিফোন করা হলো।
জিয়াউর রহমান বললেন, ‘আপনারা কিছু করবেন না। আমি পিজির ডাক্তার নুরুল ইসলাম সাহেবকে পাঠাচ্ছি।’
তার পরিবারের দিক থেকে আপত্তি ছিল ডা. নুরুল ইসলাম এবং পিজিতে পাঠানোর ব্যাপার নিয়ে।
আমি তখন বললাম, হলে পিজিতেই থরো ট্রিটমেন্ট হতে পারে।
ডা. নুরুল ইসলাম সাহেব এসে বললেন, এখনই নিয়ে যেতে হবে।
আমি বললাম, ‘নিয়ে যাওয়ার আগে আপনি ওর ব্লাড ইত্যাদির পরীক্ষা করিয়ে নিন। আপনি প্যাথলজিস্ট পাঠান।’
তবে যাদুর পরিবারের দিক থেকে একটু আপত্তি আছে। আমি তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা মীমাংসা করে দিই। আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম যে তাঁকে পিজিতেই পাঠানো হবে এবং পিজিতে যখন সে গেল, তখন বিকেল চারটার মতো। আমি যখন তাঁকে দেখি, তখন তাঁর অবস্থা খুব একটা ভালো দেখিনি। অর্থাত্ এখান থেকে সে ফিরে আসবে বলে আমার মনে হয়নি।
আই ফাউন্ড হিম ইন রিয়্যালি ব্যাড কন্ডিশন। আমি বাইরের রুমে বসা এবং আমার পাশে ছিল ফরিদা হাসান। ভেতরে আরও দু-একজন ছিল। আমি যাদুর দিকে তাকাতে পারছিলাম না। তাই বাইরে এসে বসে ছিলাম।
তারা বলল যে কোনো ওষুধই দেয়নি। শুধু স্যালাইন দিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি পরে দুবার ডা. নুরুল ইসলাম সাহেবকে ডাকা হয়। একবার জবরদস্তি করে আনা হলো আর একবার উনি আসতে অস্বীকারই করে বসলেন, ‘আমি যাব না, গিয়ে কোনো লাভ হবে না।’ এ নিয়ে অনেকের একটু সন্দেহ ছিল। কিন্তু যে জিনিসটা আমি পরে জানতে পেরেছি, তা হলো এই যে যখন যাদু মিয়ার শেষ দশা, ঠিক তখনি গভর্নমেন্টের দিক থেকে খুব উত্সাহ দেখানো হতে লাগল—বাইরে থেকে চিকিত্সক আনা হোক।
আমাকে বলা হলো, পৃথিবীর যেখান থেকে বলেন, সেখান থেকে ডাক্তার আনা হবে। আমি এত কিংকর্তব্যবিমূঢ় (পাজলড) ছিলাম, কেবল বললাম, ‘ডাক্তার এনে এখন আর কী হবে। এখন তো শেষ অবস্থা।’
যা-ই হোক, পাকিস্তান থেকে আমরা ডক্টর জুম্মাকে, দিল্লি থেকে একজন ব্রেন স্পেশালিস্ট আর কলকাতা থেকে একজন ব্রেন সার্জন—এই তিনজনকে আনালাম।
প্রথমে এলেন ডা. জুম্মা। তিনি এসেই একটা ইনজেকশনের কথা বললেন। ডা. নুরুল ইসলামকে লক্ষ করে তিনি বললেন, ‘হ্যাভ ইউ পুশ দ্যাট ইনজেকশন?’
ডা. নুরুল ইসলাম আমতা আমতা করতে লাগলেন। তারপর জুম্মা তাঁকে বললেন, ‘ইউ মিন টু সে দ্যাট ইউ হ্যাভ নট পুশড ইট। ডন’ট হ্যাভ ইউ হেয়ার?’ ডা. নুরুল ইসলাম চুপ করে ছিলেন।
এসব কিছু যখন হচ্ছে, তখন আমি সেখানে ছিলাম না। যারা শুনেছে, তারা পরে আমাকে বলেছে। আমি নিজের কানে শুনিনি। ইন্ডিয়ান ডাক্তার এসেও ব


এ জাতীয় আরো খবর