মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফ্রান্সজুড়ে ‘ব্লোকঁ তু’ আন্দোলনে উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১০ ২২:৪৮:১৭
ছবি: সংগৃহীত।

ফ্রান্সে ‘ব্লোকঁ তু’ (সবকিছু বন্ধ) আন্দোলনের প্রথম দিনেই দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী প্যারিসসহ রেন, নঁতে, মঁপেলিয়ে ও মার্শেইতে সড়ক অবরোধ, ব্যারিকেড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়।
এ পর্যন্ত প্রায় ২০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রাজধানী রেনে একটি বাসে আগুন ধরানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেললাইনের বৈদ্যুতিক লাইনে ক্ষয়ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে।
বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ব্যয় সংকোচনমূলক বাজেট এবং সামাজিক বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছেন। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই বিক্ষোভে মুখোমুখি হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশজুড়ে প্রায় ৮০ হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে বিদ্রোহের পরিবেশ তৈরি করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষোভই এই বিক্ষোভকে আরও উসকে দিয়েছে, যা ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে।
সরকার সাধারণ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

কীওয়ার্ডস: ফ্রান্স বিক্ষোভ,ব্লোকঁ তু আন্দোলন,প্যারিস সংঘর্ষ,সামাজিক বৈষম্য ফ্রান্স,ফরাসি রাজনীতি


এ জাতীয় আরো খবর