হচ্ছেটা কী দেশের মাঝে ভেঙে নিয়ম নীতি!
নেতার কাজে মনের ভেতর জাগে এখন ভীতি,
জনগণের ঘামের টাকায় দেশটা চলে ভাই
মানী লোকের মান থাকে না এর কি বিচার নাই !
রাজনীতিতে নাম লিখিয়ে এমন রাজা হলে
অমানুষ আর অভদ্রতায় দেশটা কি আর চলে ?
এক্কাদোক্কায় ভীষণ পটু রাজনীতির এই মাঠে
চোর-ডাকাতের পোয়াবারো দুর্নীতিরই হাটে।
ফন্দিফিকির ভিক্ষা করা যাদের আছে স্বভাব
কেমন করে বুঝবে তারা মানুষের কী অভাব!
এমন শাসক চাই না কভু চাই না এমন নেতা
যে বোঝে না আমজনতার মনের দুঃখ-ব্যথা।