বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সকল ইতিবাচক পরিবর্তন ও ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন বিএনপির হাত ধরেই এসেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তবে কখনো পিছু হটেননি। তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
মির্জা ফখরুল আরও বলেন, “আজকের দিনটি একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার। আনন্দ এই কারণে যে বিএনপি গণতন্ত্রের জন্য অবিচল থেকেছে, আর বেদনা এই কারণে যে সংগ্রামের পথে অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন।”
সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কীওয়ার্ডসঃ মির্জা ফখরুল বক্তব্য,বিএনপি ঠাকুরগাঁও সম্মেলন,৩১ দফা কর্মসূচি বিএনপি,তারেক রহমান ভার্চুয়াল বক্তব্য,গণতন্ত্র আন্দোলন বিএনপি