বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ: নিকেল-সোনা ও ওষুধে শুল্ক ছাড়, বাণিজ্যে নতুন সুযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৮ ০৯:৫৩:৪০
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে বেশ কিছু শিল্পজাত ও ফার্মাসিউটিক্যাল পণ্যে শূন্য শুল্ক সুবিধা কার্যকর হয়েছে। সোমবার (স্থানীয় সময়) রাত ১২টা ১ মিনিট থেকে এই আদেশ কার্যকর হয়।
শুল্ক ছাড়ের আওতায় আসছে নিকেল, সোনা, গ্রাফাইট, ফার্মাসিউটিক্যাল যৌগ, রাসায়নিক পদার্থ এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারির গুরুত্বপূর্ণ কাঁচামাল। জেনেরিক ওষুধ তৈরিতে ব্যবহৃত লিডোকেনসহ বেশ কিছু উপাদান ও রোগ নির্ণয়ের পরীক্ষায় ব্যবহৃত রিএজেন্টও যুক্ত হয়েছে তালিকায়।
হোয়াইট হাউস জানিয়েছে, কৃষিপণ্য, উড়োজাহাজ ও এর যন্ত্রাংশসহ বিভিন্ন খাতেও ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে পর্যাপ্তভাবে উৎপাদন সম্ভব নয়, সেগুলো আমদানিতে এ সুবিধা কার্যকর হবে।
এই উদ্যোগ বিশ্ব বাণিজ্য কাঠামোতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তিও এতে যুক্ত হবে। তবে কিছু পণ্যে, যেমন প্লাস্টিক ও সোলার প্যানেলে ব্যবহৃত পলিসিলিকন, শুল্ক ছাড় প্রত্যাহার করা হয়েছে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের আমদানি খরচ কমিয়ে শিল্প খাতে প্রতিযোগিতা বাড়াবে এবং সমন্বিত বাণিজ্য চুক্তির নতুন সম্ভাবনা তৈরি করবে।

কীওয়ার্ডসঃট্রাম্প শুল্ক ছাড়,যুক্তরাষ্ট্র বাণিজ্য নীতি,নিকেল ও সোনা আমদানি,ফার্মাসিউটিক্যাল শুল্ক মুক্ত,যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ


এ জাতীয় আরো খবর