যতক্ষণ ময়দা ছিলে
ছিলে পরম সুখে
গুমোরে মুখ উঠলো ফুলে
ময়াম পড়লে বুকে।
বেলনচাকি করলো তোমায়
বেলে বেলে বড়
অহংকারী মনে ওমনি তখন
ধরাকে সরা করো।
গরম তেলে নাইতে নামা
ভাবলে বড়োই মজা
কতো কিছুই উঠছে ভেজে
পুরি খাজা গজা!
অন্তর উসখুস হচ্ছে দেদার
ভাবছো কখন পড়বে তেলে
একে একে ডাক পড়ছে
আগে যাদের রেখেছে বেলে।
যখনই পড়লে গরম তেলে
জ্বললো সোনার অঙ্গ
লুচি হওয়ার দেদার মজা
বুঝলে, ফুলে ওঠার রঙ্গ।
তেল দেখলেই যাদের মনে
লুচি হওয়ার ইচ্ছা জাগে
মনে রেখো লুচিই আবার
জ্বলেপুড়ে ময়দা জীবন মাগে।