রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

স্বচ্ছ প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৭ ২২:২১:৩২
ছবি: সংগৃহীত।

প্রতি বছর ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ে স্বচ্ছতা বজায় রেখে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বিসিএস হলো প্রশাসনে প্রবেশের মূল দ্বার। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই ভবিষ্যতে সরকার চালাবে। কাজেই নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই যদি অনিয়ম থাকে, তাহলে পুরো ব্যবস্থাতেই সেটার প্রভাব পড়বে। তাই সমস্যা ও সংকটগুলো সমাধান করে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে।”
বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতিমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ শেষ করা হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। তবে সংস্কারের মাধ্যমে এ প্রবণতা বন্ধ করা হয়েছে। প্রশ্নপত্রের মান উন্নীত করা হচ্ছে যাতে প্রার্থীরা কেবল দেশীয় নয়, বৈশ্বিক প্রতিযোগিতাতেও অংশ নিতে সক্ষম হন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং পিএসসি সদস্যরা উপস্থিত ছিলেন।

কীওয়ার্ডসঃ বিসিএস পরীক্ষা সময়সূচি,পিএসসি সংস্কার,প্রধান উপদেষ্টার নির্দেশ,স্বচ্ছ নিয়োগ বাংলাদেশ,বিসিএস রোডম্যাপ


এ জাতীয় আরো খবর