চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,চাঁপাইনবাবগঞ্জ সদরের সাবেক এমপি এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদ বলেছেন,দেশে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা ভয়াবহ রুপ নিয়েছে। রাজবাড়ীতে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,এ ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। এ ছাড়া ঢাকায় জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনার নিন্দা জানান হারুন। বলেন,তারা স্বৈরাচারের দোসর ছিল। তবে তাদের অফিসে হামলা করে পুড়িয়ে দেয়া ঠিক হয় নি। তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকল কোথায় ? অন্তবর্তী সরকারকে অবশ্যই এ সব দমন করতে হবে, অন্যথায় চলে যেতে হবে। ‘মব’ চলতে দেয়া যাবে না। দেশ নিয়ে, আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে হারুন বলেন, দেশের মানুষ এখন অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষা করছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দৃষ্টিনন্দন পার্কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুন।
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে হারুন বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষপট তারা তৈরী করলেও তাদের নেতাকর্মীরা যুদ্ধের সময় পালিয়ে যায়। শেখ মুুুজিবর রহমান আত্মসমর্পণ করেন। দেশ স্বাধীন হবার পর তিনি দেশে ফিওে এক দলীয় বাকশাল কায়েম করেন। গত ১৫ বছর আওয়ামী লীগ দেশে গুম,খুনের রাজত্ব করেছে। তারা আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না। অবশ্যই তাদের অপকর্মের বিচার হবে।
জামায়াতের তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা সরাসরি মুক্তিযদ্ধের শুধু বিরোধিতাই করে নি বরং পরাজিত শক্তিকে সে সময় সহযোগিতাও করেছে। তারা ছিল হানাদারদের দোসর। আল- বদর,রাজাকারদের হাতে অনেক মুক্তিযোদ্ধা নিহত হন। এ প্রসঙ্গে তিনি বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শহিদ হবার কথা মনে করিয়ে দেন। হারুন বলেন, জামায়াত ১৯৪১ সালে পাকিস্থানে আত্মপ্রকাশ করার পর পাকিস্থান সৃষ্টিতেও বিরোধিতা করেছিল। হারুন বলেন, জামায়াত গুজব ও অপপ্রচারে বিশ^াসী যা ধর্ম মোটেও সমর্থন করে না। সরাসরি ভোটে জামায়াত বিএনপিকে পারবে না তাই হঠাৎ পিআর পদ্ধতির ভোট চাইছে।
এনসিপি প্রসঙ্গে হারুন বলেন, তারা সরকারের মদদপুষ্ট সূবিধাভোগী নিবন্ধনহীন দল। তারা আগে বিচার সম্পন্ন করার দাবি তুলে নির্বাচনে প্রতিবন্ধকতা করছে। তারা অহেতুক জাতীয় পরিষদ নির্বাচনের কথা বলছে। ধর্মের নামে ইসলামী আন্দোলনের পাখা প্রতীকে ভোট চাওয়ারও সমালোচনা করেন হারুন।
জেলা কৃষক দল আহব্বায়ক তসিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, থানা বিএনপি নেতা আমিনুল ইসলাম, পৌর বিএনপি নেতা ময়েজ উদ্দীন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।