রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) : বিশ্ব মুসলিমের জন্য শান্তি ও কল্যাণের শিক্ষা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৬ ০৯:৫৭:১৬

আজ শনিবার ১২ই রবিউল আউয়াল। এই দিনটি মুসলিম বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালিত হচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হওয়ায় এদিনের তাৎপর্য অত্যন্ত বিশেষ।
৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি এবং ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন। মহানবী (সা.) ছোটবেলায়ই পিতামাতা দুজনকেই হারান। তবে তিনি তার আদর্শ ও কর্মের মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের দিশারী হয়ে ওঠেন।
ঐতিহাসিকভাবে এই উপমহাদেশে প্রায় ৪০০ বছর ধরে ঈদে মিলাদুন্নবী পালনের প্রচলন রয়েছে। সুন্নি মতাদর্শী ইসলামী চিন্তাবিদরা এটিকে শরিয়তসম্মত হিসেবে বিবেচনা করলেও, এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে।
দিনটির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, মহানবী (সা.) ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দিকনির্দেশনা দিয়েছেন। তার জীবনাদর্শ মুসলিম উম্মাহর জন্য সর্বোত্তম অনুসরণীয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে উল্লেখ করেন, নবী করিম (সা.)-এর জীবনাদর্শ আজকের দ্বন্দ্বপূর্ণ বিশ্বে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার অনন্য দিশা।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পক্ষকালব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কীওয়ার্ডস: ঈদে মিলাদুন্নবী ২০২৫,হজরত মুহাম্মদ (সা.),ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি,বাংলাদেশ ঈদে মিলাদুন্নবী,রবিউল আউয়াল


এ জাতীয় আরো খবর