শনিবার, মার্চ ৭, ২০২৬

খুলনা- সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ শনিবার

  • মাহবুবুর রহমান মুন্না,
  • ২০২৫-০৯-০৫ ১৯:৫২:৫২

বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবিতে খুলনা- সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করবে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন মহানগর নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক।
উক্ত কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নিসচার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
উল্লেখ্য, খুলনা-সাতক্ষীরা মহাসড়কটির দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। এর মধ্যে নগরীর জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়ার চুকনগর-আঠারোমাইল বাজার পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার খুলনা জেলার মধ্যে। বাকি অংশ সাতক্ষীরা জেলার মধ্যে। ২০১৮ সালে মহাসড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়। খুলনা অংশের ১৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির আগে সড়কটির প্রশস্ততা ছিল ১৮ ফুট। সংস্কার করে সেটিকে ৩৬ ফুট করা হয়। তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’ প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ করে। এ মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটার অংশটি এখন মৃত্যুফাঁদের পথে পরিণত হয়েছে। মাত্র ৫ বছর আগে ১৬০ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ হয়।

 


এ জাতীয় আরো খবর