বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • চিঠি
  • ২০২৫-০৯-০৫ ১৫:৪৩:৪৩

চিঠিটা কাগজে লেখা হয়নি, ডাক বাক্সেও ফেলা হয়নি,
তবু সে বড়ো দুরূহ চিঠি মনের খাতার পাতা বারবার  উল্টায়। 
কত কথা, কত স্মৃতি পরতে পরতে সাজানো, 
দুটো ছাদে দাঁড়িয়ে চোখেচোখে কথা বলা।

ঠোঁটের কোণে হাসির ছটা বেলকনিতে হাত বাড়িয়ে বৃষ্টি ধরা, 
ঝরা গোলাপের পাপড়িগুলো বাতাসে ছড়িয়ে দেওয়া। 
অভিযোগের ডাস্টবিন টুকরো কাগজে পূর্ণ। 
খুনশুটি তো লেগেই থাকতো
তবুও চোখের আড়াল হলেই মনের ভেতর কেমন আঁকুপাঁকু
কোথায় গেল কীভাবে খোঁজ নেওয়া যায় !
অকারণে ছাদে যাওয়া আসা, ঘনঘন জানালায় দাঁড়িয়ে আকাশ দেখা, 

বুকের ভেতর বেদনার তুমুল ঝড়--
মুখোমুখি আজও দাঁড়িয়ে কথা হয়নি অথবা প্রেম নিবেদনও করেনি। 
এ কেমন অব্যক্ত বেদনা
মনের ভেতর জমে থাকা নীল খামে ভরা চিঠি, 
যার প্রেরক প্রাপক নির্জনে বসে উত্তর লেখে গভীর রাতে নির্ঘুম চোখে। 
যে চিঠির ইতি টানা হয় না বিদায়ের ঘণ্টা বাজার আগ পর্যন্ত।


এ জাতীয় আরো খবর