পাকিস্তানের বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) জনসভায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং অন্তত ৩৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে প্রাদেশিক রাজধানী কুয়েটার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে অনুষ্ঠিত সমাবেশে এ হামলা চালানো হয়।
জিও টিভি নিউজ জানায়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি গুরুতর আহতদের প্রয়োজনে করাচি পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাশাপাশি মার্কিন দূতাবাস এক বিবৃতিতে লিখেছে, পাকিস্তানি জনগণের সহিংসতা ও ভয়ের বাইরে শান্তিতে বসবাসের অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাকে নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার করেছে।
এদিকে, প্রাদেশিক সরকার হামলার তদন্তে একটি কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আলামত সংগ্রহ করে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ শুরু করেছে তদন্তকারীরা। সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা ও সন্ত্রাসবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কীওয়ার্ডস: বেলুচিস্তান আত্মঘাতী হামলা,পাকিস্তান বিএনপি সমাবেশ,কুয়েটা বিস্ফোরণ,পাকিস্তান সন্ত্রাসবাদ,দায়েশ হামলা