পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি স্পষ্ট করেছেন, এসব সম্পদ আইনি পথে ফেরত না মিললেও রাশিয়া ভূমি, সম্পত্তি ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদের মাধ্যমে তা পুনরুদ্ধার করবে।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, সম্প্রতি ব্রিটেন রাশিয়ার সম্পদ থেকে অর্জিত ১.৩ বিলিয়ন ডলারের মুনাফা ইউক্রেনকে দিয়েছে। মেদভেদেভ এটিকে “চুরির শামিল” আখ্যা দিয়ে বলেছেন, এটি নব্য নাৎসিদের হাতে অর্থ তুলে দেওয়ার সমান।
তিনি আরও দাবি করেন, এই ঘটনার মাধ্যমে রাশিয়া ব্রিটেন ও ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার অর্জন করেছে। তবে তিনি স্পষ্ট করেছেন, দনবাস ও নভোরসিয়ার ভূখণ্ড এই আলোচনার বাইরে, কারণ অঞ্চলগুলোকে রাশিয়া ইতোমধ্যেই নিজের অংশ হিসেবে বিবেচনা করছে।
এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, জব্দকৃত রুশ সম্পদ থেকে উপার্জিত মুনাফা ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে লন্ডন।
কীওয়ার্ডস: রাশিয়ার মেদভেদেভ হুঁশিয়ারি,জব্দ রুশ সম্পদ,ইউক্রেন যুদ্ধ আপডেট,ব্রিটেন রাশিয়া উত্তেজনা,রাশিয়া পশ্চিমা সম্পর্ক