বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আওয়ামী লীগের স্থগিতাদেশে অনিশ্চয়তা: প্রতীক ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়, জানালেন নির্বাচন কমিশনার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৩ ১৯:০৬:৩৬
ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের নিবন্ধন ও প্রতীকও স্থগিত থাকবে। সেই ক্ষেত্রে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে প্রার্থীরা অংশ নিতে পারবেন কি না—সেটি সময়ই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন কমিশনার সানাউল্লাহ। যদিও তিনি সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে নিবন্ধন স্থগিত থাকা দল নিয়ে ইসির এই অবস্থান স্পষ্ট হয়েছে।
তিনি জানান, নতুন সংশোধনীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ভোটকেন্দ্র স্থাপন, ফেরারি আসামিদের প্রার্থী হতে না দেওয়া, লাভজনক পদে থাকা ব্যক্তিদের অযোগ্য ঘোষণা এবং প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা।
এছাড়া একক প্রার্থী থাকলে ব্যালটে ‘না’ ভোট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটবদ্ধভাবে নির্বাচন হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইভিএম পদ্ধতি বাতিল করা হয়েছে এবং মিডিয়া কর্মীরা ভোট গণনায় উপস্থিত থাকতে পারবেন। নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সানাউল্লাহ আরও জানান, কার্যক্রম স্থগিত রাজনৈতিক দলের প্রতীকও সংরক্ষিত থাকবে। পাশাপাশি ‘ভোট’ শব্দের পরিবর্তে ‘নির্বাচন’ ব্যবহার করা হয়েছে।

কীওয়ার্ডস: নির্বাচন কমিশন সংবাদ,আওয়ামী লীগ প্রতীক স্থগিত,জাতীয় নির্বাচন ২০২৫,আরপিও সংশোধনী বাংলাদেশ,ইসির নিয়ম পরিবর্তন


এ জাতীয় আরো খবর