মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্যে ভারতের রাজনীতিতে উত্তাপ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০২ ১৯:৫১:৩৬
ছবি: সংগৃহীত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। বিহারের পাটনায় সোমবার তাঁর ১৬ দিনের *‘ভোটার অধিকার যাত্রা’* সমাপ্তির সময় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি। রাহুল দাবি করেন, শিগগিরই ভোট চুরির অকাট্য প্রমাণ প্রকাশ করবেন তিনি, যা বিজেপির জন্য হবে “হাইড্রোজেন বোমা”। তাঁর ভাষায়, তখন প্রধানমন্ত্রী মোদি জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না।
রাহুল গান্ধীর এই বক্তব্যে ভারতের রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে। কর্ণাটকের একটি উদাহরণ টেনে তিনি বলেন, ভোট চুরি মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, আর এভাবে চলতে থাকলে বিজেপি একদিন মানুষের অন্যান্য অধিকারও কেড়ে নেবে।
রাহুলের পদযাত্রা গান্ধী ময়দান থেকে আম্বেদকর মূর্তি পর্যন্ত বিরাট সমাবেশে পরিণত হয়। পথে পুলিশ মিছিল থামাতে চাইলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও শেষ পর্যন্ত তাঁরা বাধাহীনভাবে এগিয়ে যান। সমাবেশে তিনি ঘোষণা দেন, বর্তমান সরকার ছ’মাসও টিকবে না, বিরোধীরা বিহারে নতুন সরকার গঠন করবে।
এ সময় আরজেডি নেতা তেজস্বী যাদব নীতীশ কুমারকে ‘দুর্নীতির ভীষ্ম পিতামহ’ বলে আখ্যা দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বামদল ও তৃণমূলের নেতারা।
অন্যদিকে, বিজেপি রাহুলের বক্তব্যকে কটাক্ষ করে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ অভিযোগ করেন, “উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে হাজার হাজার মানুষ এনে সভায় ভিড় দেখানো হয়েছে। ভোটারদের অসম্মান করে রাহুল নিজেকেই ছোট করেছেন।”

কীওয়ার্ডস: রাহুল গান্ধী মন্তব্য, মোদিকে আক্রমণ রাহুল,বিহার ভোটার অধিকার যাত্রা,ভারতের রাজনীতি উত্তাপ,বিজেপি বনাম কংগ্রেস


এ জাতীয় আরো খবর