রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • পরাজিত
  • ২০২৫-০৯-০১ ১৯:৫৩:২৫

একটি অসমাপ্ত গল্পের
নায়িকা হতে চেয়েছিলাম !
ক্লাইম্যাক্স আর অ্যান্টিক্লাইম্যাক্স
হাত ধরাধরি করে থাকবে।
নদীর জোলো বাতাসে উড়বে
আমার আঁচলের লাল নিশান !
বিনা ভূমিকায় তুমি বলে উঠবে,
আজ যাই,
বাকি কথা পরে হবে !
আমি কান্তকবি, রুশীলেনিনকে
সযত্নে বুকে ধরে,
তোমায় বিদায় জানাবো।
ফেরি ঘাটে আমাদের ছড়িয়ে দেওয়া
বাদামের লাল খোসা,
এঁকে রাখবে আমাদের দৃপ্ত পদচিহ্ন,
লাল নিশানা !
আমার আঁচলের ঘেরাটোপে
এখন একটি মাত্র শিশু নিরাপদ।
বেলুন, ফুল আর মহার্ঘ্য কেকে
আদর্শকে বধ করেছি বারবার !
এষণার পীড়নে কলম ধরি।
বাদামের লাল খোসাগুলো,
উড়ে গেছে বহুকাল
আমাকে দিকভ্রান্ত করে !


এ জাতীয় আরো খবর