সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মোখলেসুর রহমানের (সিধু ভাই) সাক্ষাত্কারভিত্তিক রচনা 'আমার জীবন-কথা ও সময়'

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৩ ২৩:১৭:০০

[মোখলেসুর রহমান ১৯২১ সালে রংপুর জেলার নীলফামারী মহকুমার ডিমলা থানার খগাখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম সিধু মিয়া। তিনি ছিলেন এক বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু তাঁদের পরিবার জোতদার হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পড়াশোনা সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি কলকাতা, ঢাকা ও চট্রগ্রামে ছিলেন অনেক দিন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দেশভাগ-পরবর্তী সময়ে তিনি পূর্ব বাংলার সব রাজনৈতিক আন্দোলনে কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭৫-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে তাঁর ভাই মসিউর রহমান (যাদু মিয়া) রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তাঁর ভাইকে বুদ্ধি-পরামর্শ সহযোগিতা করেছেন। একজন রাজনীতিসচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বাংলাদেশের সব রাজনৈতিক নেতার সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ।
এ সাক্ষাত্কারে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন, প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ, পাকিস্তান সরকারের সঙ্গে শিল্পপতি আমিন ও আদমজীর রাজনৈতিক সম্পর্ক, তত্কালীন পশ্চিম পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি, ব্যবসা-বাণিজ্যে অবাঙালিদের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের কথা ইত্যাদি বিষয়ের পাশাপাশি ২১ ফেব্রুয়ারির ঘটনা, মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মূল্যায়ন, ভাসানীর কথা, বিএনপির গঠন, জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাই যাদু মিয়ার সম্পর্ক, বঙ্গবন্ধুর সঙ্গে যাদু মিয়ার সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসকি তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম ও মুস্তফা নূরউল ইসলাম।গৃহীত সাক্ষাত্কারের ভিত্তিতেই বর্ণনা আকারে এ রচনাটি ছাপা হলো। আর প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ইতিহাসবিদ ড. সালাউদ্দিন আহমেদ।)

পর্ব ৬ (গতকালের পর)

১৫. চট্টগ্রামে ব্যবসা জীবন
১৯৪৮ সালে আমি চট্টগ্রামে গিয়ে আমার ব্যবসায়িক জীবন শুরু করি। কীভাবে আমি দেশের রাজনীতির সঙ্গে যুক্ত হলাম, কীভাবে তখনকার রাজনীতিকে প্রভাবিত করলাম, সে কথা বলতে গেলে আমাকে চট্টগ্রামের সেই সময়কার ব্যবসার পরিবেশ সম্পর্কে বলতে হবে। আমি নিজে ব্যবসায়ী হয়ে গেছি হঠাত্ করে। ব্যবসায়ী হওয়ার আমার কোনো দিন কোনো পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল আমি রাজনীতি করব। কিন্তু সেখানটায় একরকম গোলমাল হয়ে যাওয়ার পর আমি একটা সরকারি চাকরি নিতে বাধ্য হই। আর সেই চাকরিই আমাকে চট্টগ্রামে নিয়ে যেতে বাধ্য করেছিল। তবে সেখানে চাকরিবাকরি করার যে পরিবেশ ছিল, তার সঙ্গে আমি খাপ খাইয়ে নিতে পারছিলাম না। ফলে ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার সময় আমার হাত একেবারেই শূন্য ছিল। কোনো ধরনের টাকাপয়সা ছিল না। চাকরি করা অবস্থায় কিছু লোককে আমি কিছু সাহায্য করেছিলাম। আমি পদত্যাগ করতে গেলে আমার সহকর্মীরা এসে আমাকে পদত্যাগপত্র তুলে নেওয়ার জন্য চাপ দিতে লাগল।
আমি বললাম, ‘আমি তো চাকরি করতে পারব না। কারণ, আপনাদের সঙ্গে আমার বনিবনাই হচ্ছে না। ফলে আমার মনে হয়, আপনাদের সঙ্গে আমার একটা গোলমাল সব সময় লেগেই থাকবে, তাই আমি স্বাধীনভাবে কিছু করতে চাই।’ এই খবর শুনে আমার যাঁরা সাহচর্যে ছিলেন, বন্ধুবান্ধব যাঁরা ছিলেন, তাঁদের সবাই ছুটে এলেন। তার মধ্যে একজন লোক, যাঁকে আমি শাহাবুদ্দিন সাহেবকে বলে পেপার কন্ট্রোলের ইন্সপেক্টর করেছিলাম, সেই তিনি পেপার কন্ট্রোলের অফিস চট্টগ্রামে এসে হয়ে গেলেন সিনিয়র মোস্টম্যান। তাঁর নাম ছিল শামসুদ্দিন। ঢাকা ইউনিভার্সিটিতে তিনি আমার জুনিয়র ছিলেন। শামসুদ্দিন এসে বললেন, ‘ভাই, আপনি কী করবেন?’
আমি বললাম, ‘আমি তো জানি না।’
বললেন, ‘আপনি যদি কাগজ আমদানি করেন, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি।’
আমি বললাম, ‘আমি তো আমদানি-টামদানির কিছুই জানি না, বুঝি না।’
এ কথা শোনার পর তিনি বললেন, ‘আপনাকে কিছুই করতে হবে না। আপনি কেবল একটা ফার্মের নাম বলেন।’
আমি বললাম, ‘তাহলে তো একটু চিন্তা করতে হবে।’ তাঁরাই কয়েকজন মিলে আমার ফার্মের নাম ঠিক করেছিলেন ‘ওভারসিজ ট্রেডার্স’। বললেন, এই প্রতিষ্ঠানের নামে কিছু কাগজপত্র, প্যাড ইত্যাদি ছাপতে হবে। সেগুলো জমাটমা দিয়ে এলসি খুলতে হবে।
আমি বললাম, ‘এসব আনুষ্ঠানিকতারও আমি কিছুই জানি না।’
তখন তিনি বললেন, ‘কোনো ব্যাংকের কারও সঙ্গে কি আপনার জানাশোনা আছে?’
সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার এক পার্মি ভদ্রলোক ছিলেন। তাঁর নাম ভ্যাসানিয়া। তিনি আমাদের সঙ্গে ব্রিজ খেলতেন। সব শুনে ভ্যাসানিয়া বললেন, ‘তোমার টাকাপয়সা কত আছে?’ আমি বললাম, ‘তোমার ওখানেই তো অ্যাকাউন্ট। দেখে নিয়ো।’ মাত্র ৬০০ টাকার মতো ছিল আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে।
তিনি বললেন, ‘এই টাকার বিপরীতে তো আর এলসি খোলা যাবে না। তবে এক কাজ করি, তোমাকে আমি নিল মার্জিনে এলসি খুলে দিচ্ছি।’ তারপর তিনি নিল মার্জিনে এলসি খুলে দিলেন এবং বললেন, ‘দলিল-পত্র সব আমার কাছে আসবে। তুমি আমাকে না জানিয়ে কিছু করতে পারবে না।’ আমি সবকিছুতেই রাজি হলাম। মাস খানেকের মধ্যেই অর্থাত্ কনসাইনমেন্টশিপ করার এক মাসের মধ্যেই এই ১০ হাজার টাকার কনসাইনমেন্টে আসা কাগজই বিক্রি হলো সাড়ে সাত হাজার টাকা লাভে। আমি ব্যবসায়ী হয়ে গেলাম। এবং এটা শুধু আমার বেলাতেই নয়, যাঁরা তখন ব্যবসা করতেন, এই কাগজই তিন থেকে চার হাত ঘুরত। আর আমার কিছুই ব্যাকগ্রাউন্ড ছিল না। আমার চেয়েও যাঁদের একটু বেটার সংযোগ ছিল, তাঁরা আমার চেয়েও বড় ব্যবসায়ী হয়ে গেলেন। এবং ইন্ডিয়াতে যাঁরা ব্যবসায়ী ছিলেন এবং যাঁরা সেখান থেকে এখানে এসেছেন কিংবা ওয়েস্ট পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাঁরা আমাদের চেয়ে আরও অনেক বড় ব্যবসায়ী হয়ে গেলেন এবং সেই পিরিয়ডটা এমনই ছিল যে তখন লাইসেন্স-পারমিটের কোনো প্রয়োজন ছিল না। কেবল জানতে হতো যে কী জিনিস আমদানি করবেন, কী জিনিস বাজারে চলবে, কোথা থেকে তা পাবেন এবং ব্যাংকের সঙ্গে আপনার কতটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার ইত্যাদি। সুযোগ-সুবিধার দরজা ছিল অবারিত। বিশেষ করে, কতগুলো আইটেমের ব্যাপারে। যেমন: কাপড়, সুতা এসব কিছু ছিল জেনারেল আইটেম। এগুলো আমদানি করে মানুষ অজস্র পয়সা করে এবং এই যে ট্রেন্ডটা বন্ধ হয়ে গেল। কাজেই যেসব বাঙালি অপরিণামদর্শী আমদানিকারক ছিলেন, মানে যাঁরা এখান থেকে কিছুই সঞ্চয় করেননি, ভেবেছিলেন, এ রকমই চলবে, তাঁরা ভয়ানকভাবে ধাক্কা খেলেন।
চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল এ রকমেরই। সদরঘাট রোডে। একটা হেয়ার কাটিং সেলুনকে পাঁচ হাজার টাকা সেলামি দিয়ে তাকে পরিণত করা হয়েছিল একটা ইমপোর্ট-এক্সপোর্টের ফার্মে। ভাবুন, ইভেন এ হেয়ার কাটিং সেলুন ওয়াজ কনভার্টেড ইনটু এ ফার্ম। এভাবে চলছিল। আর ঠিক যখন স্লাপটা এল, তখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেশির ভাগ ইমপোর্টের ব্যবসা থেকে পাততাড়ি গুটিয়ে চলে গেল। শুধু যে ইমপোর্টার হিসেবে সুবিধা ছিল, তা-ই নয়, এই যে বড় বড় অবাঙালি ইমপোর্টার, তাঁদের কাছ থেকেও মাল কিনে দুই হাত তিন হাত করে বিক্রি করে অনেকে বিস্তর টাকাকড়ি করেছিলেন। কিন্তু যখন এই স্লাপটা এল, তখন এসব বাঙালি ব্যবসায়ীর শতকরা ৫০ ভাগ ব্যবসা ছেড়ে চলে গেলেন। এবং এই যে উদ্বৃত্ত পুঁজিটা, এই যে কাপড় আর সুতার ব্যবসা করে জমে ওঠা উদ্বৃত্ত পুঁজিটা ১৯৪৭ সালের দেশভাগের পর তাঁরা নিয়ে গেলেন তখনকার পশ্চিম পাকিস্তানে। যখনই এই ওজিএলটা বন্ধ হয়ে গেল, তখন দুটো ব্যাপার ঘটল। ওজিএলের পারফরম্যান্সের ওপর একটা হাফ ইয়ার্লি কোটা দেওয়া হতো। যেখানে আমি কাগজ আমদানি করতাম এক বছরে পাঁচ লাখ টাকার কাগজ, আমার অর্ধবছরের কোটা হলো আড়াই লাখ টাকা। আড়াই লাখ টাকার কাগজ আমি আমদানি করতে পারতাম। তেমনি কাপড় আর সুতার বেলায়ও ওই রকম ব্যাপার ঘটল। তাঁদের কাছে যে উদ্বৃত্ত পুঁজিটা ছিল, সেটা তাঁরা বিনিয়োগ করলেন গিয়ে পশ্চিম পাকিস্তানের কাপড়ের মিলে। এভাবে সেখানে ১০টা কাপড়ের মিল একই সঙ্গে দাঁড়িয়ে গেল। আমাদের এখানে আমরা অত বড় স্কেলে ব্যবসা করতে পারিনি। ব্যবসা করলেও আমরা পেছনের দিকটা ভাবিনি। ভাবলাম এ রকমই চলবে। যা-ই ব্যবসা হয়েছে, গাড়ি-বাড়ি করে সব শেষ করে দিয়েছেন এবং এর ফায়দা নিতে পারেননি। এই গেল একটা দিক এবং দ্বিতীয় দিক যেটা সেটা হলো যে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় হঠাত্ করেই একটা অদ্ভুত রকমের আদেশ জারি করে দিল। ফলে আমাদের স্থানীয় পুঁজি যেটা ছিল, আমি জানি চাটগাঁয়ে বহু লোকের হাতে অনেক পয়সা ছিল, কিন্তু তাঁরা লগ্নি করতে পারতেন না এবং এটা নিয়ে আমরা অনেক দেনদরবারও করেছি। কেন লগ্নি করতে পারলেন না? কারণ, অর্থ মন্ত্রণালয় এই বলে একটা আদেশ জারি করল যে যদি কোনো পুঁজিকে প্রমাণ করা যায় যে এটা উদ্বাস্তু পুঁজি, তাহলে তার জন্য কোনো ধরনের জবাবদিহি করতে হবে না। এই আদেশের অর্থ হলো এই পুঁজিটা তুমি কোথা থেকে পেলে? আর যদি এটা উদ্বাস্তু পুঁজি হিসেবে প্রমাণিত না হয়, তাহলে বুঝতে হব যে সে অতীতে কর ফাঁকি দিয়ে এই পুঁজি গড়ে তুলেছে এবং এ জন্য অ্যাট সোর্স ফরটি পারসেন্ট কেটে নেওয়া হবে। যে ক্যাপিটালটা সে প্রদর্শন করবে তার শতকরা ৪০ ভাগ অ্যাট সোর্স কেটে নিয়ে তার ওপর যে আয়, সেটার ওপর কর বসানো হবে। এটা একটা সাংঘাতিক ধরনের বাধা ছিল। কারণ, চাটগাঁয়ের বহু লোকের হাতে বহু পয়সা ছিল, কিন্তু কেউ সে টাকা বের করতে পারেনি। এই একই লোক চাটগাঁয়ের হাতি কোম্পানি আর কলকাতার আমীন এজেন্সির মালপত্রের ব্ল্যাক করেছে। কিন্তু হাজি কোম্পানি যেহেতু ইস্ট পাকিস্তানের এবং হাতি কোম্পানি চিটাগাংয়ের, তাই তারা কলকাতার ব্ল্যাকের টাকাকে হোয়াইট করতে পারছে না, কিন্তু আমীন এজেন্সি পারছে। কারণ, সে বলছে তারটা রিফিউজি ক্যাপিটাল। এই যে একটা বৈষম্য, এটাই একটা সাংঘাতিক প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে গেল। এ জন্যই চট্টগ্রামের বহু লোকের হাতে বহু টাকাপয়সা থাকলেও সেটা তাঁরা ব্যবসায় খাটানোর সুযোগ না পেয়ে আজেবাজে পথে খরচ করে উড়িয়ে দিলেন এবং এটা নিয়ে বহু রকমের দেনদরবারও করা হয়েছে। এমনকি ফজলুর রহমান সাহেবসহ অন্যান্য মন্ত্রীকেও এ ব্যাপারে বলা হলেও কেউ কিছু করতে পারেননি। বস্তুত বড় ব্যবসায়ে যাঁরা এলেন, পাট বা কাপড়ের ব্যবসায়, তাঁরা রাজনীতির সঙ্গে কীভাবে যুক্ত হয়ে গেলেন, সে ব্যাপারে কথা বলতে গেলে, একটু ব্যাখ্যা না দিলেই নয়।

১৬. স্থানীয় ব্যবসায়ীদের রাজনীতির সঙ্গে যোগাযোগ
পাকিস্তানের যে রাজনীতিটা, আমার মতে সেটা ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ কন্ট্রোল করত। মানে মিলিটারি কন্ট্রাক্টে যারা ছিল, তাদের দিয়ে, বিশেষ করে আমেরিকা এসে পাকিস্তানের কাঁধে ভর করার পর থেকে ওখানে, মানে তখনকার পশ্চিম পাকিস্তানে, একটা সাংঘাতিক গ্রুপ দাঁড়িয়ে গেল, যারা ডিফেন্স কন্ট্রাক্টের সঙ্গে জড়িত ছিল এবং যখনই আমেরিকা একটা মিলিটারি এইড দেয়, সঙ্গে সঙ্গে সে ইকোনমিক এইডও দিতে শুরু করে অর্থাত্ একটা তাঁবেদার শ্রেণি ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি করে। এটা পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তানভিত্তিক ছিল। তাদের সঙ্গে যুক্ত ছিল এখনকার গ্রুপ দ্য জুট গ্রুপ ইন ইস্ট পাকিস্তান। এরা ডিসাইড করত এখানকার পলিসি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ কথা আমি বলতে পারি। কারণ, তখনকার দিনের আমীন এজেন্সির আবদুল জলিল নামের যে কর্মকর্তা ছিল, সে ছিল আমার খুব বিশিষ্ট বন্ধু। খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। তাকে আমি দেখেছি কীভাবে সে সবকিছু ম্যানিপুলেট করত। তার কাছ থেকে অনেক কিছু শুনেছি। তারা এখানে গভর্নর চেঞ্জ করত, তারা শেখ মুজিবকে রিলিজ দেওয়া হবে কি না, এমন ব্যাপারেও সিদ্ধান্ত নিত এবং শেষ পর্যন্ত এটুকু বলতে চাই যে মওলানা ভাসানীর একটা জিনিসের জন্যই তারা খুব হতাশা বোধ করেছে। বিশেষ করে, মওলানা ভাসানী যখন জ্বালাও-পোড়াও এসব আরম্ভ করলেন, তখন। এই গোষ্ঠীটা তখন খুবই হতাশ হয়ে গেল। আসলে তারা আওয়ামী লীগকে পছন্দ করত না কিন্তু যেহেতু মুসলিম লীগের কোনো অলটারনেটিভ তারা খুঁজে পাচ্ছিল না, সেই জায়গায় তারা মওলানা ভাসানীকে দাঁড় করিয়ে তাঁকে সাপোর্ট করতে চাচ্ছিল। আর সেটা তারা করছিল মওলানার জনসমর্থনের জন্য। কিন্তু তারা মওলানাকে বাগে আনতে পারছিল না। মওলানার ‘জ্বালাও-পোড়াও’ আন্দোলনে তারা ভীত-শঙ্কিত হয়ে পড়ে। এসবই আটষট্টি-উনসত্তর সালের দিকের ঘটনা।
কাজেই তারা অনিচ্ছুকভাবে শেখ মুজিবুরের সঙ্গে বোঝাপড়া করল এবং একটা ঘটনা এখানে বলছি যে মসিউর রহমান (যাদু মিয়া) এবার রাওয়ালপিন্ডি থেকে ফ্লাই করে এল। আমার বাসায় এসে আমাকে বলল, ‘আমি খুব একটা জরুরি কাজে এসেছি। আমাকে একটা নাম বলেন, যিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হতে পারবেন।’
আমি বলি, ‘এটা কী রকমের কথা। তুমি চায়ের টেবিলে বসে আমাকে ইস্ট পাকিস্তানের গভর্নর নমিনেট করতে বলছ!’
বলল, ‘না, ব্যাপারটা ভীষণ জরুরি। আজকে রাতেই আমাকে ফিরে যেতে হবে।’
আমি বললাম, ‘ব্যাপারটা কী বলো তো?’
তখন ইতিমধ্যেই আইয়ুবকে সরিয়ে ইয়াহিয়া খান ক্ষমতায় এসে গেছেন এবং ইয়াহিয়ার জন্য ওই একই জিনিস অর্থাত্ তাঁর সমর্থন দরকার। মওলানা ভাসানীকে এ ব্যাপারে অ্যাপ্রোচও করা হয়েছে। মওলানা ভাসানী বলেছেন, যাদু মিয়ার সঙ্গে কথা বলো। যাদু মিয়া এই বলে শর্ত দিয়েছেন যে পূর্ব পাকিস্তানের গভর্নর যদি আমাদের কথামতো নমিনি করো, তাহলে তোমাকে সমর্থন দেব। অর্থাত্ পরবর্তী নির্বাচনের পর তাহলে তাদের সুবিধা হবে।
আমি যাদু মিয়াকে বললাম যে, ‘আমি তো এত তাড়াতাড়ি কিছু বলতে পারব না। তুমি এক দিন পেছাও। আমি একটু চিন্তাভাবনা করি।’ অনেক চিন্তাভাবনা করে আমার একজন পুরোনো বন্ধুর কথা মনে হলো। যাদু মিয়া বলল যে ‘এমন লোক দেবেন, যার ওপর আপনার কর্তৃত্ব থাকবে। আপনার কথা শুনবে।’ আমি অনেক ভাবনাচিন্তা ও তত্ত্বতালাশ করার পর দেখলাম খাজা মোহাম্মদ কায়সারকে মনোনয়ন দেওয়া যায়। সে তখন চীনে অ্যাম্বাসেডর।
নামটা বলার পর যাদু মিয়া খুব খুশি হলো। খাজা কায়সার১৫ হলে তো আমাদের রাজনৈতিক লাইনও ঠিক থাকছে। খাজা কায়সারের তখন অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা ছিল ডিফেন্স সেক্রেটারি হিসেবে। সুতরাং তিনি গ্রহণযোগ্য ছিলেন এবং তিনি কথিত জুট গ্রুপের কাছে বেশ পরিচিত ছিলেন।
আবদুল জলিলের সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। এসব কিছু আমি জানতাম। সুতরাং খাজা কায়সার ওয়াজ ইমিডিয়েটলি অ্যাকসেপ্টেড। যাদু মিয়া এখান থেকে টেলিফোন করে তাঁর নাম পেশ করল এবং তাঁরা জানালেন যে হি ইজ অ্যাকসেপ্টেবল টু আস।
তবু আমি যাদু মিয়াকে বললাম, ‘তুমি ওখান থেকে কনফার্ম করার পর আমি পিকিং যাব।’
এই জুট গ্রুপের প্রভাবে ইয়াহিয়া তাঁর মাইন্ড চেঞ্জ করে ফেললেন এবং খাজা কায়সারকে না নিয়ে তাঁরা নিলেন অ্যাডমিরাল আহসানকে। অ্যাডমিরাল আহসানের ছিল আদমজীদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা। আদমজীরাই তখন তো জুট গ্রুপটাকে লিড করত। তাই শেষ পর্যন্ত খাজা কায়সার না হয়ে অ্যাডমিরাল আহসান তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর হলেন।
মওলানা ভাসানী এবং ন্যাপকে তারা শেষ পর্যন্ত পছন্দ করল না। বরং মওলানা ভাসানীর ‘জ্বালাও-পোড়াও’ নীতির জন্য তারা তাঁকে রীতিমতো ভয় করতে শুরু করল।
যাদু মিয়া ফিরে যাওয়ার আগেই শুনল যে অ্যাডমিরাল আহসানকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তখন সে তো খুব রেগেমেগে অস্থির। পাঞ্জাবের তোবাটেকসিংয়ে অনুষ্ঠিত এক জনসভায় সে ইয়াহিয়ার চৌদ্দপুরুষ উদ্ধার করে ছাড়ল। যাচ্ছেতাই বলে তাঁকে গালাগাল করল। তাঁকে অভিহিত করল বিশ্বাসঘাতক বলে। কথা দিয়ে কথা রাখেননি—এ রকমের কথাবার্তা বলল প্রকাশ্য জনসভায়। এ জন্য যাদু মিয়াকে অনেক দিন গ্রেপ্তার করে রাখা হয়েছিল।
এই যে জুট গ্রুপের কথা বললাম, এই গ্রুপটাই প্রধানত আমাদের পূর্ব পাকিস্তানের নীতি ইত্যাদি নির্ধারণ করত। শুধু তা-ই নয়, তারা সরকারের কাছ থেকে সব রকমের সুযোগ-সুবিধা ইত্যাদি আদায় করে নিত এবং তাদের ওখানে মিল-ফ্যাক্টরিতে যখন স্ট্রাইক-ফাইক হতো, তখন মিলিটারি এবং পুলিশ বাহিনী সব রকমভাবে ব্যবহার করে তারা এগুলোকে দমন করত। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন যে এরা খুব একটা ডিটারমাইন্ড গ্রুপ হিসেবে এখানে এসেছিল, তারা সরকারের স্বার্থই রক্ষা করত। এ ধরনের দু-একটা উদাহরণ তুলে ধরা যায়। যেমন এই জুট গ্রুপই জাকির হোসেনকে সরায়। এই জুট গ্রুপই শেখ মুজিবকে রিলিজ করায়, বিশেষ করে, ষাটের দশকের শুরুর দিকে।
আবদুল জলিলের সঙ্গে যে আমার খুব ঘনিষ্ঠতা ছিল সে কথা আগেই বলেছি। একদিন হঠাত্ করে দেখি যে সে আর আমি দুজনেই ট্রেনে যাচ্ছি এবং একই কম্পার্টমেন্টের যাত্রী। আমীন জুট মিলের আবদুল জলিল। তারা এতটাই প্রভাবশালী ছিল যে প্রথম দিকে তারা ইস্টবেঙ্গল রেলওয়েকে ফাইন্যান্স করত। রেলের পরিচালনা সম্পৃক্ত যাবতীয় খরচাপাতির পুরো টাকাটাই তারা দিত। যে টিকিট বিক্রি হতো সেই টিকিটের টাকা থেকে তারা তাদের বিনিয়োগ করা টাকাটা কালেক্ট করত। ফলে তাদের সাংঘাতিক প্রভাব ছিল। তাদের ক্ষমতার প্রধান খুঁটি ছিল অর্থ মন্ত্রণালয়। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সঙ্গে গভীর সম্পর্ক থাকায় তারা সবকিছু নিয়ন্ত্রণ করত। একমাত্র পাঞ্জাবিরা ছাড়া এই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ বাঙালিরা কোনো দিনও পায়নি। এই শক্তির বলে তারা সামগ্রিক রাজনীতিটা নিয়ন্ত্রণ করত। জলিল অ্যান্ড দি আমীন গ্রুপ দে হ্যাভ দ্যাট ইন্টিমেসি উইথ দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। তো যা বলছিলাম, দুজনে মিলে তো আমরা আসছি অর্থাত্ আমি আর আমীন জুট মিলের আবদুল জলিল। আমি জানতাম যে জাকির হোসেন তার বন্ধু। জাকির হোসেনের সঙ্গে আমাদেরও একটু আত্মীয়তা হয়েছিল। আলী আহম্মদ সাহেবের এক মেয়ের সঙ্গে জাকির হোসেনের ভাগনের বিয়ে হয়। সেই সূত্রে তার সঙ্গে আমাদেরও খুব অন্তরঙ্গতা ছিল। সেদিন ট্রেনে দেখা হতেই আবদুল জলিল জাকির হোসেনের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করল।
আমি বললাম, ‘কী ব্যাপার, হঠাত্ তোমার বন্ধুর বিরুদ্ধে কথা বলতে শুরু করলে!’
জলিল বলতে লাগল, ‘নো, হি ক্যানট ডেলিভার দ্য গুডস।’
আমি বললাম, ‘অসুবিধাটা কোথায়?’
বলল, ‘না, শেখ মুজিবকে সে ম্যানেজ করতে পারছে না।’
আমি প্রশ্ন করলাম, ‘হঠাত্ তোমাদের শেখ মুজিবের প্রতি নজর পড়ল কেন? আমরা তো দেখছি না পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করার মতো আর কেউ আছে?’
‘আর কে আছে ইস্ট পাকিস্তানকে নিয়ন্ত্রণ করবে! আমরা কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না।’
আমি ওকে আর কিছু বলিনি। আমার দুই-একজন যাঁরা বন্ধুবান্ধব ছিলেন, তাঁদের বললাম যে আপনারা কয়েক দিনের মধ্যেই দেখবেন যে জাকির হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শেখ মুজিব মুক্তি পাচ্ছেন এবং কয়েক দিন পর সত্যি সত্যিই জাকির হোসেনকে সরিয়ে দেওয়া হয় এবং শেখ মুজিবকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জাকির হোসেনের পরে গভর্নর হন মোনেম খান।

১৭. বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ঘটনা
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যা কিছু ঘটেছিল, আমি নিজের চোখে যেটুকু দেখেছিলাম, এখানে তার বিবরণ:
সেদিন আমি সকালবেলা আমার নবাবপুরের অফিসে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর শুনলাম ইউনিভার্সিটিতে গোলমাল হচ্ছে। ইউনিভার্সিটিতে ছাত্রাবস্থায় ছাত্ররাজনীতির সঙ্গে যেহেতু খুবই জড়িত ছিলাম, গোলমাল হচ্ছে শুনে আমি সেখানে চলে যাই। মেডিকেল কলেজের সেকেন্ড গেটটা যেখানে, সেখানে গিয়ে দেখলাম ছেলেপেলেরা সব শুয়ে পড়ে পিকেটিং করছে। আর এসপি ইদ্রিস সাহেবকে দেখলাম।
সকাল সাড়ে নয়টা কি দশটা এই রকম সময় হবে। এসবই গুলি হওয়ার আগেকার ঘটনা। গোলমাল হচ্ছে শুনে আমি ওখান থেকে চলে এলাম। এসে দেখলাম ওই গাছগুলোর নিচে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব এবং আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন। রাজ্জাক সাহেবের সঙ্গে যেহেতু আমার অনেক দিনের পরিচয়, আমি ঠিক তাঁর পাশেই গিয়ে দাঁড়ালাম। এই সময় ইদ্রিস ছিল এখানকার এসপি। ছাত্রাবস্থায় ইদ্রিস যে আইপিএস পরীক্ষা দেয়, আমার জানামতে সে ব্যাপারে রাজ্জাক সাহেবের কাছে অত্যন্ত ঋণী। কারণ, রাজ্জাক সাহেবই তাকে পড়িয়েছিলেন। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, আর চোখের সামনে ইদ্রিস পিকেটিংরত ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে। এ রকম ঘটনার মুখে একটা ছেলে ইদ্রিসের মুখে থুতু ছিটিয়ে দিল। আর তার মুখের ওপরই বলল, ‘তুমি না বাঙালি, তুমি এসব কী করছ?’ থুতু দেওয়ায় ইদ্রিসের ফরসা চেহারা মুহূর্তে লাল হয়ে গেল। রুমাল দিয়ে দ্রুত মুছে নিয়ে একটু এগিয়ে এসে বলল, ‘স্যার, আমি কিন্তু আর পারছি না। এখন গুলি করা ছাড়া আর কোনো উপায় নেই।’ তখন রাজ্জাক সাহেব বললেন, ‘আরে, এরা তোমার ভাইয়ের মতো। তুমি এদের ওপর রাগ করছ কেন?’ এ কথা বলে একজনকে বললেন, ‘যাও, ওয়াহিদ আলীর রেস্টুরেন্ট থেকে এক গ্লাস পানি নিয়ে এসো।’ পানি নিয়ে আসার পর ইদ্রিসকে তিনি বললেন, ‘তোমার মুখটা ধোও। উত্তেজিত হয়ো না।’
অল্পক্ষণের মধ্যে পরিস্থিতি একটু শান্ত হয়ে গেল। এর কিছুক্ষণ পর সম্ভবত ঘণ্টা দুয়েক পর আমরা ভাবলাম যে কোনো ঘটনা যেহেতু আর ঘটছে না, সবকিছু বোধ হয় এভাবেই আস্তে আস্তে শান্ত হয়ে যাবে।
আমি থাকতাম ১৪ নম্বর বকশীবাজারে। রাজ্জাক সাহেব থাকতেন হোসেনি দালানে। আমরা রেললাইন ধরে এসে যার যার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে হাত-মুখ ধুয়ে সবে খেতে বসেছি। অমনি কানের পর্দায় আছড়ে পড়ে গুলির আওয়াজ। আমি যতটুকু জানি যে ইদ্রিস এই গুলির মধ্যে ছিল না। এই গোলাগুলির নেপথ্যে ছিল তখনকার সিটি এসপি পাঞ্জাবি মাসুদ মাহমুদ। তাকে সরাসরি গুলি করার আদেশ দিয়েছিল প্রধান সচিব আজিজ আহম্মদ। তারই সরাসরি আদেশে সে এই গুলিটা চালায়। এই মাসুদ মাহমুদ পরে ভুট্টোর মামলার সঙ্গে জড়িয়ে পড়েছিল এবং সে ওই মামলার রাজসাক্ষী হয়েছিল। তার সাক্ষ্যের ওপরই ভুট্টোর ফাঁসি হয়ে যায়। এই হলো সেই মাসুদ মাহমুদ।
আরেকটা কথা, তখন আমাদের মধ্যে কেউ কেউ ছাত্র ছিলেন, কারোর বা ছাত্রজীবন সবে শেষ হয়েছে। আমাদের কারও কারও মধ্যে আগাগোড়া ধারণা ছিল যে নুরুল আমিন সাহেবের প্রত্যক্ষ নির্দেশেই গোলাগুলি হয়েছে এবং এ জন্য নুরুল আমিন সাহেব নিন্দিত হয়েছেন, হয়েছেন ঘৃণার পাত্রও। কিন্তু এ ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত ধারণা নেই। আমি গোলাগুলির ঘটনার আগে এবং পরেও যতটুকু ভেবেছি এবং জেনেছি সেটা হলো এই যে আজিজ আহম্মদ এবং মাসুদ মাহমুদের উদ্যোগেই ঘটেছে গোলাগুলির ঘটনা। নুরুল আমিন সাহেব গুলির কোনো নির্দেশ দিয়েছেন কিংবা দেওয়ার মতো লোক ছিলেন বলে আমার মনে হয়নি। প্রশ্ন উঠতে পারে অ্যাসেমব্লিতে আবদুর রশিদ তর্কবাগীশ১৬ প্রমুখ যখন নানা ধরনের প্রতিবাদ করতে শুরু করলেন, নুরুল আমিন সাহেব তখন তাঁদের পক্ষ সমর্থন করলেন না কেন? নিজেও হতাহত ব্যক্তিদের দেখতে এলেন না কেন? তাঁকে তো বারবার বলা হয়েছিল যে একবার সরেজমিনে দেখে আসুন। এ ধরনের অনুরোধ বা আহ্বানে কান না দেওয়ায় এ ধরনের ধারণা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল যে নুরুল আমিন সাহেব এই গোলাগুলির ঘটনাকে সমর্থন করেছিলেন। কিন্তু আমার সে রকমের ধারণা হয়নি। কেননা, নুরুল আমিন সাহেব ব্যক্তিগতভাবে খুব নরমপন্থী লোক ছিলেন। এবং আমি যতটুকু জানি তাঁর কাছে কোনো ধরনের কমপ্লিকেটেড বা জটিল বিষয়ের ওপর কোনো ফাইল গেলেই তিনি কোনো সিদ্ধান্ত নিতেন না। তাঁর ধারণা ছিল, এ রকম কিছুর সমাধান আপনাআপনিই হয়ে যাবে।
একুশের রক্তাক্ত ঘটনার পরও যে নুরুল আমিন সাহেব ঘটনাস্থলে যাননি, আমার মনে হয়, সেটা চাকরি রক্ষা করার জন্যই করেছিলেন। এর পেছনে তাঁর অন্য আর কোনো ধরনের উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় না। বস্তুত, তখন নুরুল আমিন সাহেব ছিলেন একটা জেলা শহরের একজন সাধারণ আইনজীবী মাত্র। তাঁর পক্ষে ইস্ট পাকিস্তানের চিফ মিনিস্টার হওয়া একটা বিরাট ব্যাপার ছিল। যাঁরা তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁদের কাছ থেকে শুনেছি তিনি উকিল হিসেবে কোনো দিন দুই তরফা কেস করেননি। অর্থাত্ কম্পিটিশন করে যে কেস, আরগুমেন্ট করার মতো কোনো কেস তিনি নিতেন না। অর্থাত্ তিনি একতরফা কেস করতেন। যেখানে বিরোধী পক্ষ নেই, কনটেস্ট হবে না যে কেসে, সে ধরনের কেসের উকিল ছিলেন তিনি। কাজেই সে রকম একটা আইনজীবীর পক্ষে অথবা সে রকম পর্যায়ের একজন লোকের পক্ষে পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টারশিপ একটা মস্ত বড় ব্যাপার ছিল। মামলায় উনি কোনো পক্ষ নিলে বরং তাঁর সুবিধা হবে এবং কনটিনিউ করতে পারবেন—এ রকম কোনো কিছু সম্পর্কে বোধ হয় তিনি খেয়ালই করেননি। তবে একটা কথা বলব যে আমি মওলানা ভাসানীর বক্তব্য শুনেছি। এই পল্টনের মার্চের বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে তিনি নুরুল আমিনের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, ময়মনসিংহে তাঁর (নুরুল আমিনের) মর্মর পাথরের একটা বাড়ি আছে। সত্যি বলতে কি, একবার আমার ময়মনসিংহে যাওয়ার সুযোগ হয়েছিল এবং তখন সেখানকার যিনি ডিসি ছিলেন, তিনি আমার পরিচিত এবং আত্মীয়ও ছিলেন।
আমাকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি ময়মনসিংহের কোথায় যাবেন?’
আমি বললাম, ‘একটা জায়গা আমার দেখার ইচ্ছা আছে। নুরুল আমিন সাহেবের মর্মর পাথরের বাড়ি।’ যা-ই হোক, সে বাড়ি দেখতে গেলাম। তবে মর্মর পাথর তো আর দেখলাম না, দেখলাম অর্ডিনারি টাইলসের একটা বাড়ি।
মওলানা সাহেব যে শান্তি সম্মেলনে ইউরোপে গিয়েছিলেন, আমি তাঁর সঙ্গে সেই সম্মেলনে যাইনি। ফিরোজ খান নূন ছিলেন তখন প্রধানমন্ত্রী। শান্তি সম্মেলনে যাওয়ার জন্য এখান থেকে সাতজনের নাম ঠিক করা হয়। প্রথম দিকে সরকারি মহল থেকে জানানো হলো যে সাতজনকেই অনুমতি দেওয়া হবে। পরে সেই অনুমতিটা এল মাত্র তিনজনের জন্য। মওলানা সাহেব চাচ্ছিলেন, আমি তাঁর সঙ্গে যাই। কিন্তু অত লোককে ডিঙিয়ে নিজে যাব—এ ব্যাপারে আমি ইতস্তত করছিলাম। পরে একটা খবর পেয়েছিলাম, তবে কোন সূত্র থেকে পেয়েছিলাম, আমি জানি না। শুনেছিলাম, ইউরোপের শান্তি সম্মেলন থেকে ফেরার পথে মওলানা সাহেবকে কায়রোয় নামতে হবে। খবরটা শুনে মনে প্রশ্ন জাগল, তাঁকে কায়রো নামতে হবে কেন? অনেক ভেবেচিন্তেও ব্যাপারটার কূলকিনারা পেলাম না। পরে আমি শুনেছি যে কায়রোতে তাঁর নামার মূলে ছিলেন ইস্কান্দার মির্জা। কেউ কেউ মওলানা সাহেবকে এই বলে বুঝিয়েছিলেন যে এসব এনএপি বা ন্যাপট্যাপ দিয়ে আপনার সোশ্যালিজম হবে না। আমরা আর্মির লোক, আমরা ক্ষমতা দখল করলে সোশ্যালিজম কায়েম করব এবং আপনি কায়রোতে যান, গিয়ে দেখেন কর্নেল নাসের সেখানে কী করছেন! মওলানা সাহেব তাই কায়রোতে জার্নি ব্রেক করেন এবং সেখানে কয়েক দিন থাকেন। এভাবে সামরিক বাহিনী সমাজতন্ত্র সূচনা করবে—এ রকম একটা ধারণায় তিনি বিশ্বাসী হয়ে আসেন। পরে এ জন্যই বোধ হয় ইস্কান্দার মির্জাদের সঙ্গে তাঁর একটা সমঝোতা হয়ে যায়। তখন আমি তো এনএপির (ন্যাপ) রাজনীতির সঙ্গে খুব জড়িত ছিলাম এবং মওলানা সাহেব কোথাও যাতায়াত করতে গেলে টিকিট ইত্যাদির জন্য আমাকেই ডাকতেন। ডেকে বললেন যে ‘আমি করাচি যাব, আমাকে একটা টিকিট কিনে দাও।’ এর আগে মওলানা সাহেব আমাকে ডেকে বলেছিলেন যে ‘আমি ইস্ট পাকিস্তান ট্যুর করব। সব জেলার প্রতিটি মহকুমায় আমি যাব। একটা ট্যুর প্রোগ্রাম তৈরি করো।’ আমার বাসায় বসেই সেই ট্যুর প্রোগ্রাম তৈরি করে সবাইকে জানিয়ে দেওয়া হলো। হঠাত্ করে কয়েক দিন পর উনি বললেন যে ‘টিকিট কিনে দাও, করাচি যাব।’
দুপুরবেলা খাওয়ার সময় আমি দলের অন্যদের বললাম যে ‘তোমরা ট্যুর প্রোগ্রাম করছ, আর মওলানা সাহেব তো করাচি যাচ্ছেন।’ তাঁরা বললেন, ‘আমরা তো এসবের কিছু জানি না।’
আমি বললাম, ‘আমি জানি। আমার কাছে তিনি করাচি যাওয়ার টিকিট চেয়েছেন।’
দলের অন্য সবাই যখন আমাকে বললেন যে ‘সিধু ভাই, আমাদের কাছে ব্যাপারটা কেমন যেন বেশ জটিল মনে হচ্ছে। আপনিও মওলানা সাহেবের সঙ্গে যান। ব্যাপারটার তাহলে একটা হিল্লে করা যাবে।’
আমি বললাম, ‘আমি কী করে যাব? মওলানা সাহেব তো আমাকে যেতে বলেননি।’
তাঁরা বললেন, ‘না, কোনো একটা ওজর-আপত্তি বের করে আপনাকে যেতেই হবে।’
আমি পরের দিন টিকিটটা মওলানা সাহেবের হাতে তুলে দিয়ে তাঁকে বললাম যে ‘আমিও করাচি যাচ্ছি। হঠাত্ করেই আমার একটা কাজ পড়ে গেছে।’ মওলানা সাহেব তেমন একটা খুশি হলেন না। বললেন, ‘ঠিক আছে, তুমি যাও।’ দুজন একসঙ্গেই এয়ারপোর্টে গেলাম। পথে কিংবা প্লেনে খুব কথাবার্তা তিনি আমার সঙ্গে বললেন না। কেন জানি গম্ভীর হয়ে থাকলেন। তারপর করাচিতে গিয়ে যখন নামলাম, তখন রাত ১১টা সাড়ে ১১টার মতো। দেখলাম মাহমুদুল হক ওসমানী তাঁকে নিতে এসেছেন। মওলানা সাহেব নিজের থেকে আমাকে তাঁর সঙ্গে যেতেটেতে বললেন না। তখন ওসমানী সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, ‘রহমান সাব, আপকো ক্যায়া অ্যারেঞ্জমেন্ট?’
আমি বললাম, ‘আমি তো খবর দিতে পারিনি।’
বললেন, ‘ঠিক আছে, আজ রাতটার জন্য আমার এখানেই আপনি থাকুন।’
মওলানা সাহেবের সঙ্গে একই ঘরে আমার থাকার ব্যবস্থা করা হলো। আহারপর্বের পর একই ঘরে পৃথক বিছানায় শুয়ে পড়লাম। দুজনার মধ্যে তখনো তেমন কথাবার্তা নেই।
তিনি ঠাউরেছিলেন আমি ঘুমিয়ে গেছি। ভোরের দিকে দরজার আওয়াজ, পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেল। মওলানা সাহেবকে পাঁচটার দিকে আবার তাঁর বিছানায় শুয়ে পড়তে দেখলাম। আমি জেগে চুপ করে থাকলাম।
তারপর সকাল হতেই আমি বেরিয়ে গিয়ে আমার এক সাংবাদিক বন্ধু ছিলেন, নাম আসরার আহম্মেদ,পাকিস্তান টাইমস-এর সংবাদদাতা, কফি হাউসে গিয়ে তাঁকে ধরলাম। তাঁকে সবকিছুই খুলে বললাম।
বললাম মওলানা সাহেবের ব্যাপারস্যাপারগুলো। যে জন্য আমার আসা, সে ব্যাপারে তো আমার প্রায় হেরে যাওয়ার দশা!
আমার কথা শুনে আসরার আমাকে বললেন, ‘ঠিক আছে, আপনি সন্ধ্যার দিকে আসেন। আমি যতটুকু জানি বলব।’
সন্ধ্যাবেলা যখন আমি গেলাম, তখন আসরার আমাকে বললেন, ‘মওলানা সাহেব হকমেবতে ইস্কান্দার মির্জার সঙ্গে দেখা করেছেন।’ তিনি যে এ কাণ্ড করেছেন, এ ব্যাপারে আমি মওলানা সাহেবকে আর কিছু বলিনি।যা-ই হোক, আমি মওলানা সাহেবের সঙ্গেই ঢাকায় ফিরে এলাম। ফিরে আসার পর তিনি যথারীতি ব্যারিস্টার শওকতের রয়েল স্টেশনারির ওপরের তলার ঘরে গিয়ে উঠলেন। আমি আমার বাসায় চলে এলাম। আমার অন্য সহকর্মীদের সঙ্গে আমার বাসাতেই দেখা হলো। আমার জন্য তাঁরা অপেক্ষায় ছিলেন। সবাই ন্যাপের।
তাঁদের মধ্যে ছিল মতিন, আবদুল হক। সম্ভবত তোয়াহাও ছিলেন। এখন সবার কথা মনে পড়ছে না। দেখা হওয়ামাত্র আমি তাঁদের বললাম, ‘ভাই, এই এই ব্যাপার ঘটেছে। আমি সরাসরি কিছু ধরতে প


এ জাতীয় আরো খবর