জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গতকাল বিকেল চারটায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বাংলাদেশের বাস্তবতায় গণতন্ত্র কী এবং কেন?” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে পাঠানো বক্তব্যে দলের প্রধান উপদেষ্টা ও তাত্ত্বিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে—এমন প্রত্যাশা থাকলেও স্বাধীনতার পর থেকে অধিকাংশ নির্বাচনই জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণ এখনো আশাবাদী, তবে নতুন নেতৃত্ব ও নীতিনিষ্ঠ রাজনীতি গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, বাংলাদেশের ৫৪ বছরে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিমা শক্তি ও অভ্যন্তরীণ নেতৃত্বহীনতার কারণে রাজনীতি বারবার সংকটে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য মহাসংকট ডেকে আনছে, তাই রাজনৈতিক সংস্কার ও নতুন নেতৃত্ব সময়ের দাবি।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ত্রিমুখী রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে—এমন প্রত্যাশা দেশের জনগণের।
আলোচনায় আরও বক্তব্য দেন পার্টির দপ্তর সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, সদস্য মো. আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।
কীওয়ার্ডস: বাংলাদেশ গণমুক্তি পার্টি,জাতীয় সংসদ নির্বাচন ২০২৫,গণতন্ত্রের সংকট বাংলাদেশ,ড. মুহাম্মাদ ইউনুস নির্বাচন,নতুন রাজনৈতিক নেতৃত্ব