যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ ও কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়াতে যাচ্ছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। তবে দিল্লি জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করবে, কিন্তু রাশিয়া থেকে সস্তা দামে জ্বালানি কেনা অব্যাহত রাখবে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল রপ্তানি কমে যায়। এর সুযোগ নিয়ে ভারত বিশ্বের সবচেয়ে বড় রুশ জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হয়েছে। বর্তমানে দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশই রাশিয়ার অপরিশোধিত তেল থেকে পূরণ হয়।
ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, ভারত রাশিয়া থেকে সস্তা তেল কিনে অতিরিক্ত মুনাফা করছে। অন্যদিকে ভারত বলছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র নিজেরাও রাশিয়া থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে, তাই তাদের সমালোচনা দ্বিমুখী নীতির উদাহরণ।
তেল খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বরে ভারতের তেল আমদানি আরও ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান। এর ফলে বিশ্ববাজারে রুশ জ্বালানি তেলের প্রবাহ আরও শক্তিশালী হবে।
কীওয়ার্ডসঃ ভারত রাশিয়া তেল আমদানি,ডোনাল্ড ট্রাম্প শুল্ক,যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য দ্বন্দ্ব,রুশ জ্বালানি তেল বাজার,ইউক্রেন যুদ্ধ তেল সংকট