রবিবার, মে ৩, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • বন্ধ কপাটের ওপারে
  • ২০২৫-০৮-২৭ ১৫:৪৫:৩৭

মস্তিষ্ক সমন পাঠায় হৃদয়ের দ্বারে 
থামো, থেমে যাও, সাবধান হও !
আবেগের নদী ! সেতো চোরাবালি স্রোত !
গাছেদের মতো সহিষ্ণু, নমনীয় ছিলাম না ভাগ্যিস, 
আমার হৃদপিণ্ড অবশেষে হৃদয়ে মুক্তি পেল। 
হিমবাহের মতো জমাট বরফ রক্ত শিরায়শিরায় দ্রুত ছড়িয়ে যাচ্ছে। 

হৃদয়ের কান তো যুক্তির কাছে চির বধির।
সে শুধু শোনে, অনুভব ঝর্ণা হয়ে 
ঝরে পড়ে ঊষর মরু হৃদয়ে।
রুষ্ট মস্তিষ্ক জ্বালায় রেড সিগন্যাল, 
চতুর্দিকে আঁকে লাল চক্রব্যূহ।
তবু মন !
সে তো ধাবমান রথ !
চাকা ঘোরে নিরন্তর।
ভাগ্যিস সময় সরলরৈখিক নয়। 

মন তো পল্লবিত সবুজ বন, 
সেই দ্বীপে জ্বলে শুধু 
সবুজ জোনাক জ্বলা রাত। 
অতঃপর মস্তিষ্ক সাজিয়ে দেয় ঘুষের পসরা, 
অটল হৃদয় জেগে ওঠে ঘুম ভাঙ্গা গানে।
সে জানে, আবেগই একমাত্র জয়ী সেনাপতি !
বৃদ্ধ ইতিহাস মাথা নাড়ে। 
এভাবেই জীবনের রাজপথে 
যুক্তির লাল আলো হার মানে 
ভালোবাসার সবুজ সংকেতে।


এ জাতীয় আরো খবর