বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • চেতনার রং ধূসর
  • ২০২৫-০৮-২৫ ১৩:০৪:৫১

চেতনার আয়নায় সবুজ পান্না 
ধূসর আকাশের মতোই ধূসর, অভিব্যক্তিহীন। 
ধূসরতার আঁচড়ে হারায় তার দীপ্তি,
যেন আলোহারা বনভূমির বঞ্চিত পাতারা !
জীবন যে সবুজে ফোটে, 
মৃত্যু এসে মুছে দেয় তার রং। 

শ্বেত আলোর দিগন্তে জেগে ওঠে মহান জন্ম। 
কালো ছায়ার কোলে নিভে যায় সময়, 
সাদাকালো দুই প্রান্ত জুড়ে
তুমি আমি দাঁড়াই মধ্যবর্তী এক প্রশ্নচিহ্ন হয়ে। 
কে আপন ? কে পর ? কোনটা শুরু ! কোনটা শেষ !

তবুও ধূসর চেতনার ভেতর 
সঞ্চিত থাকে অদ্ভুত এক রসায়ন !
মৃত্যুর কালো কালি 
আর জীবনের সাদা শ্বাস মিশে জন্ম দেয় 
নতুন এক অচেনা রঙের বিস্ময়।

সেই রঙে পান্না আর সবুজ নয়। 
বরং ধূসর দীপ্তি, অশ্রুত পান্ডুলিপি জড়ো করে,
বলে যায়, শেষ আর শুরু 
একই বৃত্তের দুই ভিন্ন প্রান্তে 
আমরা দাঁড়িয়ে আছি !


এ জাতীয় আরো খবর