রবিবার, জুলাই ২৬, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • বদলে গেছে সব
  • ২০২৫-০৮-২৩ ১০:১৩:০৮

আর কী কখনো দেখা হবে তোমার সাথে ----
ভালোবাসার গ্রন্থিগুলি শুকিয়ে গেছে 
ঝরে গেছে কৃষ্ণচূড়া, লাল পলাশের বন
বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে নীরবে আগামী বসন্তের প্রতীক্ষায়।
কোকিল উড়ে গেছে, কাকের নীড় ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, 

যত্নে রাখা গোলাপের পাপড়িগুলো আজ ম্রিয়মাণ  
তুমি নেই বলে বসা হয় না বকুল তলায়
জানো ! পূর্ণিমার চাঁদ জানালায় উঁকি দেয় নিঃশব্দে ---

তুমি চলে যাবার পর বাগানে অলি আর আসে না।
ঝিনুকগুলো বালির নিচে চাপা পড়ে গেছে, কুড়াতে ভালো লাগে না। 
শোনা হয় না ছমির শেখের ভাটিয়ালি,
জানো ! ময়রা বুড়োর দোকানটা ওরা ভেঙে দিলো
কেউ বাধা দিলো না,
বুড়োটা চলতে পারে না, কুসুম বুড়িও পটল তুলেছে। 

গ্রামটা আর আগের মতো নেই, দালানকোঠায় ভরে গেছে, 
মানুষগুলোও বদলে গেছে ইট-পাথরের মতো। 
ভাবি, তুমিও কী বদলে গেছ !
কবিতার সাথে রাতের পর রাত এখনো কী জেগে থাকো ?
আজও বৃষ্টি ঝরা রাতে খোলা জানালায় হাত বাড়িয়ে বৃষ্টি ধরো ?

আবার যদি দেখা হয় কখনো আমাদের
আমরা কী আগের মতো মেঠোপথে ঘুরতে পারবো ! 
নাকি তুমি-আমি বদলে গেছি আর সবার মতো ?


এ জাতীয় আরো খবর