যেখানে তোমার অস্তিত্ব নেই
সেখানে আমি আমাকে পাইনি,
যাকে পেয়েছি, সে অন্য কেউ,
অন্য কোনো দিকভ্রান্ত পথিক মাত্র।
যেন সামুদ্রিক ঝিনুক খোলস ভেঙে
পড়ে আছে কোনো দূর শুষ্ক সীমান্তে,
অস্তিত্বে লেগে আছে পথের ক্লান্তি,
দেহাবশেষে স্পষ্ট— পথভুলের বলিরেখা।
আমি আয়নাতে যাকে দেখতে উন্মুখ,
সে আমি ছিলাম না, ছিল বিকৃত সুখ,
অজান্তেই প্রতিচ্ছবিতে দেখি স্পষ্ট অসুখ,
তবুও খুঁজেছি বারবার— আসলে আমি কে?
বহুদিন হলো মানুষের ভিড়ে
মানুষগুলোকে শকুন মনে হয়,
সেখানে নিজের ছায়াটাই আশ্চর্য,
আমার ছায়াতে স্পষ্ট ভালুকচিত্র।
মরুতে মরুদ্যান নয়, জীবনের স্তরে
একটা ছোটখাটো বাগান হলেই দুর্দান্ত,
অথচ, এখানে নদী আছে জল নেই,
কঙ্কালের মতো মনে হয় প্রতিটি যুগল।
জীবন বিপন্ন যখন তোমাতে,
তখন পৃথিবীটা তুচ্ছ মৃত্তিকা,
নিশ্বাস যেন বিষাক্ত বাতাস,
যন্ত্রণা তখন শুধুই বেঁচে থাকা।