মন খারাপ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে বুবলি। বাবা'কে কতবার করে বললো দশ টাকা দিতে..বাবা দিলোই না, উল্টো কতগুলো বকা শুনিয়ে দিলো। স্কুলে তার বন্ধুরা টাকা দিয়ে কতকিছু কিনে খায়, আর সে শুধু ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। বাবার সাথে আর কখনো কথাই বলবে না। এরকম পণ করে স্কুলে যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে বুবলি। তার মাথায় হরেক চিন্তা। কতকিছু কিনতে মন চায় তার...হরেক রঙের বেলুন, রং পেন্সিল, জ্যামিতি বক্স। তার কাছে কিছুই নেই। অথচ বন্ধুরা কত কিছু ব্যবহার করে৷ দামি পোশাক ব্র্যান্ডের ঘড়ি। আচ্ছা আমি কেন কোনো বড় ঘরে জন্মালাম না। নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে বুবলি। হরেক রঙের চিন্তা মাথায় নিয়ে সে ধীরে ধীরে স্কুল গেট দিয়ে স্কুলে প্রবেশ করে। আর তখনই দেখতে পায় তার বান্ধবী টিনা মাইক্রো থেকে নামছে।
ওর বাবার মাইক্রো, ওরা খুব বড়লোক। কোনো কিছুর কমতি নেই। তারপরও সবসময় কেমন মন খারাপ করে থাকে টিনা। ধীরপায়ে বুবলি এসে টিনার পাশে দাঁড়ায়। সাহস করে জিজ্ঞেস করে বসে, "আচ্ছা টিনা তুমি সবসময় মন খারাপ করে কেন থাকো? তোমার বাবা তোমাকে এত আদর করে। আমার বাবা যদি আমাকে এত আদর করতো তাহলে তো আমি সারাদিন ধেইধেই করে নাচতাম।" বুবলির প্রশ্ন শুনে টিনার আরও বেশি মন খারাপ হয়ে যায়। সে বুবলির কাঁধে হাত দিয়ে বলে, "জানো আমার মা নেই। কতদিন হলো মায়ের হাতে খাই না। বড্ড মিস করি মা'কে। " কেন তোমার মায়ের কী হয়েছে টিনা?" চটজলদি প্রশ্ন করে বুবলি। "আমার মা দু'বছর আগে ক্যান্সারে মারা গেছে।" কাঁদতে কাঁদতে বলে টিয়া। শুনে প্রচণ্ড মন খারাপ হয়ে যায় বুবলির। সে আর কোনোকিছু জিজ্ঞেস করতে যায় না। পরক্ষণে নিজেকে তার সবচেয়ে সুখী ব্যক্তি মনে হয়, কারণ তার মা-বাবা দুজনই বেঁচে আছেন। ইশ্ বাবার উপর রাগ করা কিছুতেই উচিত হয়নি...মনে মনে নিজেকে গালমন্দ করতে করতে টিনাকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে বুবলি।